পৃথিবীর মধুরতম শব্দ ‘মা’৷ মাকে নিয়ে সবারই আকুলতা অন্য রকম৷ আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে তারকা মাকে নিয়ে তাঁদের তারকা মেয়েরা বলেছেন এবার..

মায়ের কাছে অসম্ভব কিছু নেই
ত্রপা মজুমদার
মাকে আমি বলি দশভুজা৷ ঘর-বাহির সব ক্ষেত্রেই তিনি সজাগ সব সময়৷ ঘর মোছার কাজ থেকে শুরু করে ঘরের প্রতিটি কাজ তাঁকে নিজ হাতে করতে দেখেছি৷ তিনি আমাদের পড়াতেন, নিজেও পড়তেন, আবার মঞ্চেও সময় দিতেন৷ তাই এককথায় তাঁকে আমি বলি দশভুজা৷ এটা হয়ত সব সন্তানেরই মনে হয়৷ তবে আক্ষরিক অর্থেই আমার মায়ের কাছে অসম্ভব বলে কিছুই নেই৷ স্মৃতি হাতড়ে একটা বিষয় আমার খুব ভালো লাগে, অনেক সময় দেখেছি বাবা অসুস্থ; তিনি বাড়িতে, তখন মা-ই ঘর আর বাইরের সব কাজ সামলাতেন৷ রাত-দিন বলে কোনো ধরা-বাঁধা ছিল না৷ ছেলে আর মেয়ের কাজের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই, এটা মায়ের কাছ থেকেই শেখা৷
মায়ের ভালো দিকগুলো আমি নিজের ভেতর খুব একটা লালন করতে পারিনি৷ এখনো প্রতিনিয়তই চেষ্টা কির মায়ের সেই গুণাবলির চর্চা করতে৷ তবে মঞ্চের প্রতি মায়ের যে অগাধ ভালোবাসা, সেটা আমিও নিজের ভেতর ধারণ করি৷ মায়ের কাছ থেকে তাঁর উত্তরসূরি হিসেবে এই অংশটুকু পেয়েছি৷

সবকিছুর হাতেখড়ি মায়ের কাছেই
তাথৈ
মায়ের কাছ থেকে প্রতিমুহূর্তেই শিখছি। জীবনের প্রতিটি অংশেই তো তিনি জড়িয়ে আছেন। এমন কিছুই নেই, যেখানে মা নেই। কাজে, লেখাপড়ায়, মানবিকতার শিক্ষায়—সবকিছুর হাতেখড়ি মায়ের কাছ থেকেই। মজার বিষয় হলো, মাকে ঘিরে বিশেষ কোনো স্মৃতি আলাদা করে মনে পড়ে না। কারণ, অবচেতন মনেই মায়ের সব কথা, সব কিছু মনে গেঁথে যায়। মায়ের কাছ থেকে আমি নিষ্ঠার পাঠ নিতে চেষ্টা করি। আমাদের বাড়িতে
কখনো সেভাবে কাজের মানুষ ছিল না। ঘরের প্রতিটি কাজই আমি মাকে করতে দেখেছি। এমনও দেখেছি, অনেক রাতে মা একটা শো থেকে ফিরেই মেকআপ আর কস্টিউম নিয়ে রান্নাঘরে চলে গেলেন৷ কখনো তাঁকে তাঁর কোনো দায়িত্বের প্রতি অবহেলা করতে দেখিনি—হোক তা নাচ কিংবা সংসার। তাঁর দায়িত্বশীলতা আর নিষ্ঠার গুণাবলি আমি নিজের ভেতর ধারণের চেষ্টা করি। মাঝেমধ্যে মায়ের অসম্ভব মনের জোর দেখে আমি অবাক হই । তাঁকে খুব একটা ভেঙে পড়তে দেখি না। সব পরিস্থিতি সামলে নেওয়ার ক্ষমতা তাঁর অসাধারণ।

প্রতিটি মুহূর্তেই তাঁর মতো হওয়ার চেষ্টা করি
হৃদি হক
মা আমার একমাত্র বন্ধু, যাঁর কাছে আমার সবকিছুই প্রকাশ্য৷ ভালো, মন্দ, অবান্তর, জরুরি-সব কথাই তাঁকে বলি সবার আগে৷ তবে একটা কথা আছে, যা মাকে সরাসরি খুব একটা বলা হয় না; তা হলো, খুব বেশি ভালোবাসি তাঁকে৷ আমি আসলে গর্বিত যে আমি তাঁর সন্তান৷ মা হিসেবে তিনি আমার কাছে অতুলনীয়৷ একজন শিল্পী হিসেবে তো অবশ্যই তিনি অনন্য৷ তিনি একজন আদর্শ নারী৷ পর্দার সামনে কি পেছনে, তাঁকে আমি তাঁর প্রতিটি চরিত্রই নিষ্ঠার সঙ্গে পালন করতে দেখেছি৷ তাই আমি গর্ব করে বলতে পারি, মা একজন ভালো মানুষ৷ তাঁর প্রতিটি কথা আর ভাবনা আমাকে প্রভাবিত করে৷ জীবনের প্রতিটি মুহূর্তেই আমি তাঁর মতো হওয়ার চেষ্টা করি৷
গ্রন্থনা: আদর রহমান