মেয়ের জন্য বাবার লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিটানি মারফি
ব্রিটানি মারফি

২০০৯ সালে মাত্র ৩২ বছর বয়সে পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেছেন ‘ক্লুলেস’খ্যাত হলিউডের অভিনেত্রী ব্রিটানি মারফি। রক্তস্বল্পতা ও নিউমোনিয়াকে ব্রিটানির মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হলেও তা মেনে নিতে পারেননি ব্রিটানির বাবা অ্যাঞ্জেলো জোসেফ। বছরের পর বছর ধরে মেয়ের মৃত্যুকে অপমৃত্যু প্রমাণ করার জন্য লড়াই করেছেন অ্যাঞ্জেলো। অবশেষে সম্প্রতি এক প্রতিবেদনে ব্রিটানিকে ইঁদুর মারা বিষ প্রয়োগে হত্যার সম্ভাবনার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা।
চার বছর ধরে ‘জাস্ট ম্যারেড’ তারকা ব্রিটানির রক্ত, টিস্যু, চুলসহ বিভিন্ন আলামত সংগ্রহ করতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে তাঁর বাবা অ্যাঞ্জেলোকে। আলামত সংগ্রহের পর তা বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করানোর ব্যবস্থা করেন তিনি। সম্প্রতি এর ফলাফলের ভিত্তিতে তিনি দাবি করেছেন, ব্রিটানি মারফির মৃত্যু স্বাভাবিক ছিল না। এক খবরে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের মিরর ডটকম।
ব্রিটানির মৃত্যুর পর তাঁর দেহে ১০ ধরনের ধাতব পদার্থের উপস্থিতি পাওয়া গেছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের বেঁধে দেওয়া সীমা অনুযায়ী মানুষের দেহে যে পরিমাণ ধাতব পদার্থ থাকতে পারে তার চেয়ে বেশ কয়েকগুণ বেশি ধরা পড়েছে ব্রিটানির দেহে। তাঁর দেহে যেসব ধাতব পদার্থ পাওয়া গেছে এর বেশির ভাগই পাওয়া যায় ইঁদুর মারা বিষ ও কীটনাশকে। মূলত এ কারণেই ব্রিটানির পরিবারের সদস্য ও বিশেষজ্ঞদের বিশ্বাস, ইঁদুর মারা বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে ব্রিটানিকে।