মেয়ের মুখে বাবার গল্প
‘উর্দু ছবির প্রভাবে একসময় বাংলা চলচ্চিত্র অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছিল। ঠিক তখন আমার বাবা গোলাম মুস্তাফা বাংলা চলচ্চিত্রে তাঁর অভিনয়ক্ষমতা দিয়ে দর্শককে ফিরিয়ে এনেছিলেন। একজন বাঙালি হয়েও তিনি অসংখ্য উর্দু ছবিতে অভিনয় করেছিলেন। বাংলা ও উর্দুভাষী দর্শকদের মধ্যে ছিল তাঁর সমান জনপ্রিয়তা। স্বাধীনতার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশে তিনি অভিনয় করেছেন অসংখ্য ছবিতে। অথচ চলচ্চিত্রের এ মানুষটিকেই এখন অনেকেই স্মরণ করতে চায় না।’ বাবাকে স্মরণ করতে গিয়ে কথাগুলো বললেন সুবর্ণা মুস্তাফা।২০ ফেব্রুয়ারি অভিনেতা গোলাম মুস্তাফার সপ্তম মৃত্যুবার্ষিকী। ওই দিন দুপুরে এটিএন বাংলায় প্রচারিত হবে চলচ্চিত্রের গল্প। এ অনুষ্ঠানে বাবাকে স্মরণ করবেন সুবর্ণা, তুলে ধরবেন নানা স্মৃতি।সুবর্ণা আরও বলেন, শিল্পীরা বেঁচে থাকেন মানুষের স্মৃতিতে, তাঁদের কথায় আর লেখনীতে। একজন গোলাম মুস্তাফার রেখে যাওয়া কাজের সঠিক মূল্যায়ন হওয়া উচিত। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এ ক্ষেত্রে ইচ্ছা করলেই যথেষ্ট ভূমিকা রাখতে পারে।