মেয়ের সঙ্গে সুখেই আছেন নীনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীনা গুপ্তা ও মেয়ে মাসাবা গুপ্তা। ছবি: সংগৃহীত
নীনা গুপ্তা ও মেয়ে মাসাবা গুপ্তা। ছবি: সংগৃহীত

৩৮ বছরের দীর্ঘ অভিনয়জীবন নীনা গুপ্তার। নীনা অনেক আগেই পেয়েছেন খ্যাতি, দেশে–বিদেশে। তাঁর অভিনীত হিন্দি টিভি সিরিজ ‘পরম্পরা’ বাংলাদেশেও পেয়েছিল বেশ জনপ্রিয়তা। সেটা নব্বই দশকের কথা। তখন থেকে এই পর্যন্ত, নীনা থেমে থাকেননি। এখনো সেই আগের মতোই ব্যস্ত। গত বছর তো বাধাই হো সিনেমায় অভিনয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কারও পেলেন। ৬০ পেরোনো এ অভিনেত্রী কর্মজীবনের বর্তমান অবস্থানে পৌঁছে পাওয়া না পাওয়ার হিসাব করতে বসলেন আমাদের সঙ্গে। হিসাব শেষে জানালেন, এখন তিনি অনেক সুখী।

২০১৮ সালে মুক্তি পাওয়া অমিত শর্মা পরিচালিত বাধাই হো ছবিটি বলিউড বক্স অফিসে ব্যাপক সফলতা পায়। ছবিতে নীনা গুপ্তাকে দেখা যায় পঞ্চাশোর্ধ্ব এক সন্তানসম্ভবা নারীর চরিত্রে। তাঁর চরিত্র ঘিরেই যত কাণ্ড। গত বছর এই ছবির বদৌলতেই নীনা ঘরে তোলেন বলিউডের সব বড় পুরস্কার। অভিনয়জীবনের এই পর্যায়ে এসে অভিনেত্রীরা যেখানে অবসর নেওয়ার পরিকল্পনা করতে শুরু করেন, সেখানে বাধাই হো নীনাকে আবার নতুন করে যাত্রা শুরুর অনুপ্রেরণা দেয়। তাই নীনা কোমর বেঁধে নেমে পড়েন মাঠে। এরই ফল হিসেবে শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে তাঁর নতুন ছবি শুভ মঙ্গল জ্যায়াদা সাবধান। এই ছবির সূত্র ধরেই শীতের এক আদুরে দুপুরে প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজের মুম্বাইয়ের কার্যালয়ে নীনা গুপ্তা কথা বলেন গণমাধ্যমকর্মীদের সঙ্গে। সেখানে নিজের নতুন ছবিটি নিয়ে নীনা বলেন, শুভ মঙ্গল জ্যায়াদা সাবধান ছবির চিত্রনাট্য দুর্দান্ত। হাসি–মজায় ভরপুর। তবে এই হাসি–মজার মধ্য দিয়ে সমাজের এক গুরুগম্ভীর বিষয় এতে তুলে ধরা হয়েছে। ছবির প্রতিটা সংলাপের পেছনে এক অন্তর্নিহিত অর্থ লুকিয়ে আছে। আর তা বুঝে ওঠার জন্য অন্তত তিনবার ছবিটি দেখতে হতে পারে। ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা। এ নিয়ে আয়ুষ্মানের সঙ্গে পরপর দুটো ছবি করলেন নীনা। তিনি মনে করেন, আয়ুষ্মান অভিনেতা হিসেবে ক্রমে পরিণত হয়ে উঠছেন। নীনা তাঁর সহ–অভিনেতার উচ্ছ্বসিত প্রশংসা করে বলেন, ‘বাধাই হোর পর আবার আমরা এই ছবিতে একসঙ্গে অভিনয় করলাম। এবার আয়ুষ্মানকে আরও পরিণত অভিনেতা হিসেবে পেলাম।’

একটা সময় বলিউডের সিনেমাগুলোয় নীনাকে শুধু নেতিবাচক চরিত্রে তুলে ধরা হয়েছিল। আজ অভিনেত্রী হিসেবে তিনি নিজেকে সেই ধরাবাঁধা চরিত্র থেকে বের করে এনেছেন। এখন কি বলিউডি ছবির পরিভাষা কোথাও বদলে গেছে? এই প্রশ্নের জবাবে নীনা বলেন, ‘নিশ্চয়। এখন কনটেন্ট–নির্ভর ছবি বেশি হচ্ছে। এখন অসংখ্য প্ল্যাটফর্ম। আমি যখন সিনেমার দুনিয়ায় এসেছি, তখন শুধু দূরদর্শন (ভারতীয় সরকারি টিভি চ্যানেল) ছিল। এখন নেটফ্লিক্স, আমাজনসহ অসংখ্য ওটিটি প্ল্যাটফর্ম। নিয়মিত শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে। অভিনেতা, পরিচালক, লেখক থেকে শুরু করে সবার জন্য কাজের এক নতুন জগৎ উন্মুক্ত হয়েছে। তাই এখন আর কাউকে একধরনের চরিত্রে বেঁধে রাখা যায় না।’

নীনার বয়স ৬০, কিন্তু মনের দিক থেকে তিনি আজও তরুণী। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ছবিতে আসা লাইকের সংখ্যা আকাশছোঁয়া! হালের বলিউড অভিনেত্রীদের সঙ্গে পাল্লা দিয়ে ছবি পোস্ট করে হরহামেশাই ঝড় তোলেন ইনস্টাগ্রাম–টুইটারে। নিজের ফ্যাশন আর গ্ল্যামার–দর্শন নিয়ে নীনা বললেন, ‘আমি বরাবরই ফ্যাশনেবল। এখন সোশ্যাল মিডিয়ার বদৌলতে এটা জনসমক্ষে আসছে।’

নীনা গুপ্তার মেয়ে মাসাবা নামজাদা ফ্যাশন ডিজাইনার। মাসাবার বাবা ক্রিকেটার ভিভ রিচার্ডস। ভিভ আর নীনার প্রেম ছিল আশির দশকে ভারতের বহুল চর্চিত একটি বিষয়। তবে মাসাবার জন্মের পর নীনা ও ভিভের প্রেমের সম্পর্ক শেষ হয়। তখন ‘সিঙ্গেল মাদার’ হিসেবেই মাসাবাকে বড় করেন নীনা। তাঁর জীবনের এই ‘একলা’ সফর নিয়ে নীনা বলেন, ‘বাস্তবে আমার জন্য ওটা অনেক কঠিন সময় ছিল। মা–বাবা দুজনই থাকলে সন্তানকে বড় করা অনেক সহজ। তখন সন্তান জন্ম নেওয়ার তিন-চার বছর পর্যন্ত মায়েদের কাজ না করলেও চলে, কিন্তু আমি তা করতে পারিনি। আমাকে মা–বাবা দুজনের দায়িত্বই পালন করতে হয়েছে। আমি মাসাবাকে সময় দিতে পারিনি।’ তবে এখন নিজের মেয়ে মাসাবাকে নিয়ে গর্বিত নীনা। শুধু পেশাগত জীবনে নয়, মানুষ হিসেবেও মাসাবাকে অনেক পরিণত ও সৎ বলে মনে করেন এই বলিউড অভিনেত্রী। নীনা বলেন, ‘মাসাবা বাস্তববাদী। ও খুব সৎ ও নরম মনের। আর আমার মতো মেজাজি নয় (সশব্দে হেসে)।’ মেয়ে মাসাবার সঙ্গে ডিজিটালের পর্দায় আসতে চলেছেন নীনা। নেটফ্লিক্সের মাসাবা মাসাবা ছবিতে মা-মেয়েকে একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে। এই ছবি মাসাবার জীবনকে ঘিরে বানানো হচ্ছে। ছবিটি নিয়ে নীনা বলেন, ‘আমাদের মা-মেয়ের গল্পকে অনেকেই পর্দায় আনতে চেয়েছেন, কিন্তু আমরা কখনো চাইনি। তবে এবার মাসাবার জীবন নিয়ে ছবি বানানো হচ্ছে। তাই মাসাবাকে থাকতেই হবে। আর ওর মায়ের চরিত্রে আমি ছাড়া আর কেই–বা অভিনয় করতে পারে।’