মোটরবাইক স্টান্ট প্রশিক্ষণ নেবেন ক্যাটরিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রাশ আওয়ার ৩’খ্যাত হলিউডের প্রখ্যাত অ্যাকশন দৃশ্যের পরিচালক কনরাড ই পালমিসানোর কাছে মোটরবাইক স্টান্ট প্রশিক্ষণ নেবেন বলিউডের অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ২০১০ সালে মুক্তি পাওয়া হলিউডের অ্যাকশন ছবি ‘নাইট অ্যান্ড ডে’র ভারতীয় রিমেকে অভিনয় করছেন বলিউডের জনপ্রিয় দুই তারকা ক্যাটরিনা কাইফ ও হূতিক রোশন। ছবিতে তাঁদের দুঃসাহসিক বিভিন্ন স্টান্ট করতে দেখা যাবে। মোটরবাইক চালিয়ে তাক লাগানো বেশ কটি স্টান্টে অংশ নেবেন ক্যাটরিনা। এ জন্যই তিনি মোটরবাইক স্টান্ট প্রশিক্ষণ নেবেন। জানিয়েছে মিড-ডে। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘কৃশ’ ও ‘ধুম ২’ ছবিতে দুঃসাহসিক সব স্টান্ট করতে দেখা গেছে হূতিককে। ‘ধুম ৩’ ছবিতে হূতিক না থাকলেও ক্যাটরিনা আছেন। এই ছবির জন্য তিনি জিমন্যাস্টিকস ছাড়াও বিভিন্ন শারীরিক কসরতের প্রশিক্ষণ নিয়েছেন। এবার ‘নাইট অ্যান্ড ডে’ রিমেকের জন্য মোটরবাইক স্টান্ট শিখবেন ক্যাটরিনা। ক্যাটরিনাকে প্রশিক্ষণ দেবেন পেশাদার মোটরবাইক স্টান্টম্যানরা। এরই মধ্যে তাঁরা যুক্তরাষ্ট্র থেকে ভারতে পৌঁছেছেন। কনরাডের প্রত্যক্ষ তত্ত্বাবধানে প্রশিক্ষণ দেওয়া হবে ক্যাটরিনাকে। এর আগে ক্যাটরিনা অভিনীত ‘এক থা টাইগার’ ছবির স্টান্ট দৃশ্য পরিচালনার দায়িত্ব পালন করেছিলেন কনরাড।