মোটরসাইকেল চালাচ্ছেন পূজা

কয়েক দিন ধরেই মগবাজার, বসুন্ধরা এলাকায় একটা মেয়েকে মোটরসাইকেল চালানোর চেষ্টা করতে দেখা যাচ্ছে। সেই দৃশ্য দেখে পথচলতি মানুষের আগ্রহও কম নয়। মেয়েটি আর কেউ নন, পূজা। ছোট পর্দার মডেল। কদিন আগে চলচ্চিত্রে নাম লিখিয়েছেন তিনি। পোড়ামন-এর দ্বিতীয় কিস্তিতে রোশানের বিপরীতে চুক্তিবদ্ধ হয়েছেন।

পোড়ামন টু-এর শুটিং এখনো শুরু হয়নি। তার আগেই আরেকটি ছবিতে কাজ করতে যাচ্ছেন ছোট পর্দার এই তারকা। কলকাতার আলোচিত পরিচালক রাজ চক্রবর্তীর সেই ছবিতে অভিনয়ের জন্যই মোটরসাইকেল চালনা শিখতে হচ্ছে তাঁকে।
এ ব্যাপারে পূজা বলেন, ‘ছবিতে আমার চরিত্রটি কী, কিছুই জানি না। শুধু প্রযোজক ও পরিচালক বলেছেন, মোটরসাইকেল চালানো জানতে হবে। এ কারণেই শিখছি।’ এক সপ্তাহের মধ্যেই মোটরসাইকেল চালানো প্রায় আয়ত্তে এনে ফেলেছেন পূজা। ‘এখন পেছনে একজনকে বসিয়েও পুরোদমে মোটরসাইকেল চালাতে পারছি। প্রথম প্রথম একটু ভয় পাচ্ছিলাম।’
এ প্রসঙ্গে কলকাতা থেকে মুঠোফোনে রাজ চক্রবর্তী বলেন, ‘ছবিতে পূজার চরিত্রটি এমন যে বেশির ভাগ সময় মোটরসাইকেল চালাতে হবে। এ কারণেই তাঁকে এই শিক্ষা নিতে হচ্ছে।’ ছবির নাম ও পূজার বিপরীতে কে অভিনয় করবেন, তা এখনো প্রকাশ করেননি পরিচালক।
রাজ চক্রবর্তী বলেন, ‘সবকিছুই মোটামুটি চূড়ান্ত। দু-এক দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’ এই পরিচালক আরও বলেন, ২৩ মে থেকে কলকাতায় এই ছবির কর্মশালায় অংশ নেবেন পূজা। চলতি মাসের শেষে পুবাইল ও মানিকগঞ্জের লোকেশনে শুটিং শুরুর কথা।
বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে রাজ চক্রবর্তী প্রোডাকশন লিমিটেড।