মোনালির সঙ্গে কিছুক্ষণ
‘মাস খানেক আগে একটি ঘরোয়া অনুষ্ঠানে গান করতে এসেছিলাম ঢাকায়। আর এবার এলাম বাটেক্সপোর অনুষ্ঠানে গান করতে। এবার ঢাকায় এসে আমি রীতিমতো অবাক হয়েছি। এখানকার শ্রোতাদের মুখে মুখে আমার গান। এটা আমার জন্য খুবই আনন্দের ব্যাপার ছিল।’ বললেন ভারতের মুম্বাইয়ের সংগীতশিল্পী মোনালি ঠাকুর। গত বৃহস্পতিবার ‘বাটেক্সপো ২০১০’ উপলক্ষে ঢাকায় আসেন তিনি। কলকাতার মেয়ে মোনালি ‘ইন্ডিয়ান আইডল ২’ প্রতিযোগিতার মাধ্যমে আলোচনায় আসেন। এই প্রতিযোগিতায় মোনালির অবস্থান ছিল নবম। অনুষ্ঠান শেষে গতকাল শনিবার দুপুরে মুম্বাইতে যান মোনালি।‘বাটেক্সপো ২০১০’-এর প্রধান সমন্বয়ক মুরাদ হোসেনের সহযোগিতায় কথা হলো মোনালির সঙ্গে। মোনালি বললেন, ‘আমি অভিভূত। তাঁরা আমার প্রায় প্রতিটি গানের সঙ্গে ঠোঁট মিলিয়েছেন।’মোনালি বলিউডের নতুন ছবি আনজানা আনজানিতে গান গেয়েছেন। মোনালি বললেন, ‘ছবিটির সুরকার বিশাল-শেখর। তাঁদের মাধ্যমেই ছবিটিতে আমি সুযোগ পেয়েছি।’মোনালি ছাড়াও ‘বাটেক্সপো ২০১০’ অনুষ্ঠানে গান করেছেন যোগিন্দর। মঞ্চ মাতিয়েছেন স্টার পরিবারের জুটি আমির-সানজিদা, মনি-গৌরব ও শ্বেতা তিওয়ারি-অভিষেক। অনুষ্ঠানে বাড়তি আকর্ষণ হিসেবে ছিল অ্যাক্রোবেটিক শো। ১০ জন রুশ অ্যাক্রোব্যাট অংশ নেন এই পর্বে। পুরো সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা করছেন শ্বেতা তিওয়ারি।