মোনালিসার বিয়ে
অভিনয় করতে এসে কতবার যে বউ সাজতে হয়েছে, তার কোনো হিসাব নেই মোনালিসার কাছে। তবে আজ বুধবার তিনি সত্যি সত্যি বউ সাজবেন। নতুন জীবনে যাত্রা শুরু হবে তাঁর। হ্যাঁ, আজ ১২.১২.১২ তারিখে মোনালিসার বিয়ের অনুষ্ঠান। গতকাল মঙ্গলবার দুপুরে হয়ে গেল আক্দ। উত্তরায় মোনালিসার বাসায় ঘরোয়াভাবে আয়োজন করা হয় এ অনুষ্ঠানের। আর এ সময় উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা। বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কপ্রবাসী ফাইয়াজ শরীফ। তাঁর সঙ্গে মোনালিসার বাগদান হয় এ বছরের ১৭ জুন, নিউইয়র্কে। বিয়ের অনুষ্ঠান হবে আজ রাজধানীর একটি ক্লাবে। আকেদর আগে মোনালিসা বললেন, ‘নতুন জীবন শুরু করতে যাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’ তিনিজানালেন, এ সপ্তাহেই দেশে এসেছেন ফাইয়াজ ও তাঁর পরিবারের সদস্যরা। এরপর গত রোববার সন্ধ্যায় রাজধানীর অল কমিউনিটি ক্লাবে আয়োজন করা হয় তাঁদের গায়েহলুদের অনুষ্ঠান।