
আমাদের বাসার পাশেই থাকত ছেলেটি। গায়ের রং কালো। কিন্তু দেখতে খুব সুইট। বিকেলে মাঠে খেলতে গেলে সব সময়ই আমার কাছে কাছে থাকত সে। আমাকে যেন আগলে রাখত। আমার আশপাশে কোনো ছেলেকে ভিড়তে দিত না। আমি বুঝতে পারতাম, ছেলেটি আমাকে পছন্দ করে। ও আমার নাম দিয়েছিল ময়না। আর আমি ওকে মোনা বলে ডাকতাম।
তখন আমি ক্লাস সিক্সে পড়ি। একদিন ছেলেটি একটি চিঠি লিখে এক বান্ধবীকে দিয়ে আমার কাছে পাঠায়। মায়ের সতর্কতার কারণে বান্ধবী পাশের বাসার ছাদ দিয়ে আমাদের ছাদে এসে চিঠিটি পৌঁছে দেয়। কিন্তু ওই দিন আমি ভয়ে চিঠিটি না পড়ে রেখে দিই। পরদিন স্কুলে গিয়ে আমার সব বান্ধবীকে সঙ্গে করে চিঠিটি খুলে অবাক! দেখি, হাত কেটে রক্ত দিয়ে চিঠিটি লেখা! আবার প্রমাণ হিসেবে কাটা হাতের ছবিও সঙ্গে পাঠিয়েছে।
আমিও রক্ত দিয়ে চিঠির উত্তর লিখব বলে মনস্থির করলাম। কিন্তু লিখতে গিয়ে সমস্যায় পড়ে গেলাম। হাত কাটতে গিয়ে ভয়ে অস্থির হয়ে যাচ্ছিলাম। এভাবে তুমুল প্রেম চলছে দুজনের। একদিন হঠাৎ করেই ছেলেটির বিয়ে হয়ে গেল। সংবাদটি শুনে আমার কেমন অবস্থা হয়েছিল তা আর মনে করতে চাই না। এর মধ্যে আমিও চলচ্চিত্রে যাত্রা শুরু করলাম। কিন্তু আজও মন থেকে ছেলেটির গল্প মুছে যায়নি। ছেলেটির মোবাইল ফোন নম্বরটি জীবনে একবার দেখেছিলাম, তা-ও ভুলে যাইনি। মোবাইল নম্বরটি পর্যন্ত আজও মনে আছে।