মোবাইল ম্যানিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুসাফির ও রাহা দুজন দুজনকে ভালোবাসে। কিন্তু রাহার রাত জেগে মুঠোফোনে কথা বলার স্বভাবটাই যত ঝামেলার জন্ম দেয়। একসময় মুসাফির রাগ করে কথা বলতে শুরু করে অপরিচিত একজনের সঙ্গে। তারপর সামনাসামনি হতেই অপ্রত্যাশিত এক পরিস্থিতি। অন্যদিকে বয়স্ক মুকিত অনেকের কাছেই শুনেছে, মুঠোফানে আজকাল প্রেম হয়, এরপর বিয়ে, সংসার...। কেমন যেন সিনেমাটিক সব গল্প। এসব শুনে সে স্বপ্ন দেখত মুঠোফোনে তার প্রেম হবে, বিয়ে হবে এমনকি হবে নতুন ছোট্ট সুখের সংসার। কাজেই রাত জেগে চলে তার মিসডকল মিসডকল খেলা, আর প্রেমিকার অনুসন্ধান। মাঝেমধ্যে বকাঝকাও খায়, কখনো আবার অতি আগ্রহী কারও সঙ্গে কথাও হয়। এ রকম একটি গল্প নিয়ে তৈরি করা হচ্ছে ঈদের নাটক ‘মোবাইল ম্যানিয়া’।এম এস রানার রচনায় নাটকটি যৌথভাবে পরিচালনা করবেন এম এস রানা ও জাহাঙ্গীর আলম। নির্মাতা সূত্রে জানা গেছে, আগামী ১৭ আগস্ট থেকে ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং হবে । নাটকটি সম্পর্কে রাহা বলেন,‘গল্পটি পড়ে আমার কাছে বেশ মজারই মনে হয়েছে। এ ধরনের ঘটনা আমাদের এখানে অহরহই ঘটছে। এ রকম ঘটনা নিয়ে যে এত সুন্দর একটা গল্প হতে পারে, সেটা জানা ছিল না। আশা করছি, ভালোই হবে নাটকটি।’ অপরদিকে নাটকটির মুসাফির বলেন, ‘নাটকটি আমাদের বর্তমান সময়েরই প্রতিফলন। এতে মোবাইল ফোন অপব্যবহারের বিষয়টি খুব চমৎকারভাবেই উপস্থাপন করা হয়েছে।’