মামুনুর রশীদের লেখা ও নির্দেশিত জয়জয়ন্তী নাটকের একটি ঘটনা খুব মনে পড়ে। ঘটনাটি ১৯৯৭ কি ১৯৯৮ সালের। যত দূর মনে পড়ে, প্রদর্শনীটি ঢাকার বাইরে হচ্ছিল। পাকিস্তানি সেনার একটি চরিত্রে অভিনয় করছিলেন আলী মামুন ভাই, আর আমার স্বামী ছিলেন তাঁর সহযোগী, মানে রাজাকারের চরিত্রে। যুদ্ধ শেষ হয়ে এলে পাকিস্তানি সেনা আলী মামুন ভাইয়েরা পরাজিত হয়ে ফিরে যাচ্ছেন। কিন্তু আমার স্বামী রাজাকার হওয়ায় যুদ্ধশেষে জনগণের হাতে ধরা পড়ে যান। একসময় গণপিটুনিতে মারা যান তিনি। তখন আমি পাকিস্তানি সেনার পথ আগলে দাঁড়াই। আমি কৈফিয়ত চাই আমার স্বামীর মৃত্যুর ব্যাপারে। আমার স্বামীর চরিত্রে যিনি অভিনয় করছিলেন, তিনি অনেক স্বাস্থ্যবান। তাঁকে কাঠের ওপর করে মঞ্চের মধ্য দিয়ে দুই ব্যক্তি নিয়ে যাচ্ছিলেন। একসময় কাঠের পাটাতনটি ভেঙে পড়ে। তখন আমি আর সামনে বা পেছনে যেতে পারছিলাম না। আমার সংলাপ শেষ হয়ে গেছে। প্রস্থান করতে হবে। কিন্তু কীভাবে প্রস্থান করব, বুঝে উঠতে পারছিলাম না। একসময় দেখলাম, মঞ্চের পেছন থেকে উইংসের পাশে দাঁড়িয়ে কে যেন আমাকে ধরে মঞ্চ থেকে নামালেন। সেদিন আসলে দর্শকের সামনে মঞ্চে একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছিলাম। পরে নাটক শেষ হলে বিষয়টি নিয়ে খুবই হাসাহাসি হয়েছিল। আমার জীবনে মঞ্চে এ ধরনের আরও নানা ঘটনা ঘটেছে।