মোমেনা চৌধুরী ৫ প্রশ্ন
সম্প্রতি মঞ্চে এসেছে শূন্য থেকে একক নাটক লাল জমিন। মান্নান হীরার লেখা নাটকটির নির্দেশনার কাজ করেছেন সুদীপ চক্রবর্তী। এখানে একক অভিনয় করেছেন মোমেনা চৌধুরী। সাক্ষাৎকারে পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। আরণ্যক নাট্যদলের একাধিক নাটকে অভিনয় করলেও এ নাটকটি আপনার অভিনীত প্রথম একক নাটক। নাটকটি মঞ্চে আসার আগের অভিজ্ঞতা কেমন?নাটকটি মঞ্চে আসতে প্রায় দুই মাস সময় নেওয়া হয়েছে। প্রথমে পাণ্ডুলিপি পড়ে একটা দোদুল্যমান অবস্থায় ছিলাম। কেননা, এর আগে তো আমি এ ধরনের নাটকে অভিনয় করিনি। আগে মঞ্চে হাঁটা, চলা আর সংলাপ—দুটি মিলিয়ে নাটকে অভিনয় করেছি। আর এখানে শারীরিক-বাচনিক দুভাবেই অভিনয় করতে হবে। এ জন্য ভেতরে ভেতরে একটু ভয়ও লেগেছে। পরে নাটকটির কাজের মাঝামাঝিতে এসে নিজের মধ্যে এক ধরনের আস্থা তৈরি হতে লাগল। এ ছাড়া নাটকটির সঙ্গে যাঁরা জড়িত ছিলেন, সবার সহযোগিতাও বেশি বেশি পেয়েছি। এবং শেষ পর্যন্ত নাটকটি তুলে আনতে পেরেছি। এ পর্যন্ত নাটকটির পাঁচটি প্রদর্শনী হয়েছে। কেমন লাগছে?খুবই ভালো লাগছে। আমার জীবনে প্রথম একটি একক নাটক এটি। খুব কম সময়ের মধ্যে পাঁচটি প্রদর্শনী শেষ করতে পারলাম। আগামীকাল শুক্রবার শিল্পকলা একাডেমীতে আরেকটি প্রদর্শনী হবে। এখন এই নাটকটি নিয়ে আমার অনেক আত্মবিশ্বাস। প্রতিদিনই আমরা নাটকটির মহড়া করে যাচ্ছি। এবং প্রতি মহড়াতেই নাটকটির সংশোধন হচ্ছে। ৮০ মিনিটের নাটক—মঞ্চে থেকে একা অভিনয় করার যে শঙ্কা, তা কেটে গেছে।একক নাটকে অভিনয়ের পরিকল্পনা কীভাবে এল?অনেক আগে থেকেই একক নাটকে অভিনয়ের স্বপ্ন ছিল। দীর্ঘদিন ধরে আরণ্যক নাট্যদলের হয়ে কাজ করছি। প্রথমে স্বপ্নটা মান্নান হীরার কাছে গিয়ে বলি এবং একটি একক নাটক লেখার জন্য অনুরোধ করি। তিনি আমার আগ্রহ দেখে লিখতে রাজি হন। এরপর কোন ব্যানার থেকে নাটকটি আসবে, তা নিয়ে পরিকল্পনা করি। যেহেতু আমি আরণ্যকের কর্মী, তাই আরণ্যকের কথাই প্রথম মাথায় আসে। কিন্তু ভাবলাম, আরণ্যক অনেক বড় দল, রাজি হয় কি না? একটা রিপার্টরি থিয়েটার গড়ার স্বপ্ন অনেকদিনের। এ নাটকটি মঞ্চে আনার মধ্য দিয়ে নিজের মধ্যে দলটি গঠন করার তাগিদ আসে। দেখলাম, একক নাটক ও রিপার্টরি থিয়েটার—দুই পরিকল্পনা এক হয়ে গেল। পরে মামুন ভাইয়ের (মামুনুর রশীদ) কাছ থেকে অনুমতি নিয়েই ‘শূন্য’ নামে রিপার্টরি দল গঠন করলাম। এরপর নাটকটির কাজ শুরু করি। ঢাকার মঞ্চে একক নাটকে এবার আপনার নামও যুক্ত হলো। কীভাবে দেখছেন?আমার ভীষণ ভালো লাগছে। ফেরদৌসী মজুমদার, রোকেয়া রফিক বেবী, শিমূল ইউসুফ, মুনিরা ইউসুফ মেমীদের একক নাটকে অভিনয় দেখেই নিজের মধ্যে অভিনয়ের স্বপ্ন তৈরি হয়েছিল। তাঁরা সবাই থিয়েটারে আমার আদর্শ। তাঁদের দলে আমিও যুক্ত হলাম। বিষয়টি আমার কাছে স্বপ্ন মনে হচ্ছে। আমি মনে করি, একজন থিয়েটারকর্মীর একক নাটকে অভিনয় করতে পারাটা তাঁর সারা জীবনের স্বপ্ন।