মোরশেদুল ইসলামের হৃৎপিণ্ডে অস্ত্রোপচার সম্পন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট চিত্রনির্মাতা মোরশেদুল ইসলামের হৃৎপিণ্ডে বাইপাস অস্ত্রোপচার করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর স্কয়ার হাসপাতালে তাঁর এই অস্ত্রোপচার করেন শৈল্য চিকিৎসক অপূর্ব কুমার সাহা।
বিকেলে মোরশেদুল ইসলামের স্ত্রী মুনিরা মোরশেদ প্রথম আলোকে জানান,‘চিকিৎসকের মারফত জানতে পারলাম তাঁর অস্ত্রোপচার সফল হয়েছে। তাঁর সঙ্গে আমার দেখাও হয়েছে। তিনি এখন মোটামুটি ভালো আছেন। সবার কাছে তাঁর দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া চাই।’
এর আগে মুনিরা মোরশেদ জানান, হার্টের সমস্যার কারণে বছর খানেক আগে মোরশেদুল ইসলামকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। ইদানীং তিনি তীব্র শ্বাসকষ্ট সমস্যায় ভুগছিলেন। ১১ জানুয়ারি হাসপাতালে ভর্তির পর তাঁর এনজিওগ্রাম করা হয়। এরপর দ্রুত অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেওয়া হয়।