মোশাররফ, চঞ্চল ও তিশাকে নিয়ে ফারুকীর ‘টেলিভিশন’
মোস্তফা সরয়ার ফারুকী তাঁর নতুন ছবি টেলিভিশন-এর জন্য মূল অভিনয়শিল্পীদের চূড়ান্ত করেছেন। জানা গেছে, ছবিতে অভিনয় করবেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী ও তিশা। এই তিনজন শিল্পীই টেলিভিশন ছবিতে অভিনয়ের ব্যাপারটি মৌখিকভাবে নির্মাতাকে নিশ্চিত করেছেন। জানা গেছে, ছবিটির কাহিনি যৌথভাবে লিখেছেন আনিসুল হক ও মোস্তফা সরয়ার ফারুকী। মাস ছয়েক আগে ফারুকী ছবিতে এই তিন তারকাকে নেওয়ার পরিকল্পনা করেন। এরপর মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরীর সঙ্গে একাধিকবার আলোচনা করেন তিনি। ফারুকীর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছবিতে অভিনয় করেছিলেন তিশা। ফারুকীর নতুন ছবিতেও তিশা অভিনয় করবেন—এমনটাই সবাই ধরে রেখেছিলেন। কিন্তু সবকিছু যখন চূড়ান্ত, তখন বেঁকে বসেন তিশা। জানালেন, তিনি এই ছবিতে অভিনয় করবেন না। তাঁর মতে, ‘সবাই বলবে, যোগ্যতার কারণে নয়, স্ত্রী বলেই ফারুকী আমাকে তাঁর ছবিতে নিয়েছেন।’ছবির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র থেকে জানা গেছে, ৫ আগস্ট তিশার সঙ্গে এ ব্যাপারে কথা বলেন আনিসুল হক। তিনি তিশাকে ছবিতে অভিনয়ের ব্যাপারে রাজি করান। আজ সোমবার দুপুরে মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী ও তিশার টেলিভিশন ছবিতে অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হওয়ার কথা আছে।তিশা বলেন, ‘মৌখিকভাবে কথা হয়েছে। আনুষ্ঠানিক চুক্তির পরই সব জানতে পারবেন।’চঞ্চল বলেন, ‘ছবির কাহিনি একটি গ্রামের গল্প নিয়ে হবে। এটি হবে আমার চতুর্থ চলচ্চিত্র।’