মোশাররফ-জয়ার ‘ঈদের ডায়েরি’
ঈদের আগের দিন। সবাই চাঁদ দেখা গেছে নিয়ে ব্যস্ত। এরপর টেলিভিশনে চাঁদ দেখার ঘোষণায় সবার মধ্যে আনন্দ। শুধু করিমের মধ্যে কোনো আনন্দ নেই। তিনি একটি ডায়েরি নিয়ে পুরোনো দিনের ঘটনা মনে করতে থাকেন। ‘ঈদের ডায়েরি’ নাটকের গল্প এটি। রচনা ও পরিচালনা করেছেন ইশতিয়াক আহমেদ। সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে। নাটকে দেখা যাবে, করিম ও পূর্ণিমা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন। সময় পেলেই তাঁরা দুজন একে অন্যের সঙ্গে দেখা করেন এবং মুঠোফোনে কথাও বলেন। একসময় দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। করিম একদিন পূর্ণিমাকে বিয়ের প্রস্তাব দেন। তারপর দুজনের সম্মতিতে ঈদের দিনই বিয়ের দিনক্ষণ ঠিক করা হয়। কিন্তু পূর্ণিমার দুর্ঘটনা সবকিছুই এলোমেলো করে দেয়। এভাবে নানা ঘটনার মধ্য দিয়ে এগোবে ঈদের ডায়েরি নাটকের গল্প। নাটকে করিম ও পূর্ণিমা চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও জয়া আহসান। মোশাররফ করিম বলেন, ‘এ পরিচালকের “ঠুয়া” নাটকটি আমার খুব পছন্দের নাটকগুলোর একটি। এ ছাড়া আরও বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছি। ঈদের ডায়েরি নাটকের গল্পটিও ভালো লেগেছে। তাই কাজটি করে ভালো লেগেছে।’