মোশাররফের দিনরাত্রি
তাঁর অনেক কিছুই করতে ইচ্ছা করে। বাজারে গিয়ে মাছ কিনে বাড়িতে নিলে স্ত্রী একটু রেগে গিয়ে বলবে, এই মাছ কে কাটবে?খানিকটা খুনসুটি, তারপর আবার স্ত্রীই সেই মাছ কাটাকুটা করবে। দুপুরবেলা মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে লম্বা একটা ঘুম দেবে।তবেই না মনে হতো, বাবা যেভাবে সংসারটা করেছেন, সেভাবেই তিনি সংসারটা করছেন।এগুলোর কোনোটিই তাঁর করা হয় না। সকালবেলা বাসা থেকে বেরিয়ে যখন বাসায় ফেরেন, তখন পুরো শহর শান্ত। ঘুমন্ত শহরে দু-একটা ট্রাক চলাচলের শব্দ শোনা আর টিভি দেখা—এই যেন তাঁর একমাত্র কাজ। ঘুমে চোখ বন্ধ হয়ে আসে, বিছানা নেন। আবার ভোরে স্ত্রীর চেঁচামেচিতে ঘুম ভাঙার পর চলে যান শুটিংয়ে। এই তাঁর নিয়মিত রুটিন।মোশাররফ করিমের কাছে জানতে চাইলাম, নাটকে দেখা যায়, খুব সহজ সাধারণ মানুষ আপনি। বাস্তবে এর সঙ্গে মিল আছে?‘সংসারজীবনে আমি স্ত্রীর সঙ্গে খুবই ফ্রি। কিন্তু বাড়ির অন্যদের সঙ্গে একটু দূরত্ব আছে। এটা ঘুচিয়ে ফেলতে চাই, পারি না।’ মোশাররফকে আমরা টিভিপর্দায় দেখি মজা করে সংলাপ বলতে। তিনি তাঁর চোখের দৃষ্টির কিছু অসাধারণ কাজ করেন। এগুলো কীভাবে রপ্ত করেছেন তিনি?মোশাররফ মুচকি হাসেন। তিনি বলেন, ‘একটু দাঁড়ান, শটটা দিয়ে আসি।’ ক্যামেরা ‘ওকে’ বলা হলো। মোশাররফকে স্কুল থেকে বাচ্চা আনতে বলা হলো। মোশাররফ রাগ প্রকাশ করলেন পাশেই রাখা চেয়ারটাকে সামান্য ধাক্কা মেরে। এরপর চোখ দুটোর এমন ভঙ্গিমা করলেন, পরিচালক জীবন নিজেই হেসে দিয়ে বললেন, ‘ভাই, শট ওকে।’ মোশাররফও হেসে ফেললেন। তিনি বলেন, ‘এভাবেই কাজ করতে করতে আমি শিখেছি। আমি যখন রাস্তা দিয়ে চলি, তখন আমার মাথায় খেলা করে, ওই দৃশ্যে আমি কী করব? ক্যামেরাটায় এভাবে লুক দেব কি না? আসলে সারাক্ষণ আমার মাথার মধ্যে থাকে অভিনয়টা।’মোশাররফ এখন জনপ্রিয় নায়কদের একজন। তাঁর শিডিউলের জন্য নির্মাতাদের মধ্যে প্রতিযোগিতা ব্যাপক। ২০১১ সালের জন্য পেয়েছেন মেরিল-প্রথম আলো পুরস্কারে জনপ্রিয় বিভাগে সেরা টিভি অভিনেতার পুরস্কার। এটা কী করে সম্ভব?‘আসলে আমার কাছে মনে হয়, সুশ্রী বা ভালো কাপড়চোপড়ের মূল্যটা তখনই বেশি হয়, যখন আপনার মধ্যে অভিনয় জানার বা করার সীমাবদ্ধতা বেশি থাকে। আমি মানি, অভিনয় একটা আর্ট। তাই আমি ওসবে খুব বেশি মূল্য দিই না। আমি যে চরিত্রে কাজ করছি, সেটা ঠিকমতো বিশ্বাসযোগ্য করে তুলতে পারছি কি না, সেটাই আমার চাওয়া। সেটা যদি করতে না পারি, তাহলে সবই মূল্যহীন হয়ে যাবে। এর জ্বলন্ত উদাহরণ নানা পাটেকার, নাসিরুদ্দিন শাহ। অভিনয়ই কিন্তু তাঁদের বাঁচিয়ে রেখেছে। তাই কখনো আয়নার সামনে দাঁড়িয়ে মনে হয় না, আমার চেহারাটা একটু ভালো হলে হয়তো এগিয়ে যেতে পারতাম,’ বলছিলেন মোশাররফ।পুরস্কারটি পেয়েছেন চাঁদের নিজের কোনো আলো নেই নাটকের জন্য। নাটকটি সম্পর্কে মোশাররফ ইতিবাচক মন্তব্য করে বলেন, ‘বছরে অনেক কাজই তো করি। এর মধ্য থেকে দর্শকেরা একটি কাজ পছন্দ করে। দর্শকের ভালো লাগাকে আমি নিজেও শ্রদ্ধা করি। নাটকের পরিচালক মোস্তফা কামাল রাজ প্রায়ই বলতেন, “মোশাররফ ভাই, দেখবেন, এই কাজটা অনেক প্রশংসিত হবে।” পুরস্কারটি পাওয়ার পর মনে হলো, তাঁর কথা একদম সত্যি।’অভিনয়জগতের মানুষকে নিয়ে অনেক গুঞ্জন শোনা যায়। কারও নাকি প্রেম হয়, কারও আবার বিচ্ছেদ হয়। মোশাররফ কোনটার মধ্যে আছেন?সরাসরি জবাব, ‘যখন অভিনয়ে আসিনি, তখন একটা-দুটা জায়গা থেকে প্রেমের অফার পেয়েছিলাম। কিন্তু ভালো জামাকাপড় পরে পার্কে গিয়ে বা চায়নিজ রেস্তোরাঁয় গিয়ে কথা বলাটা আমার কাছে কমজোরি মনে হতো। তাই আমি বলতাম, আমাকে দিয়ে এসব হবে না। কারণ, আমি একরকম বোহেমিয়ান ছিলাম। আমি আমার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসি। সে শুধু আমার স্ত্রীই নয়, আমার ভালো বন্ধুও বটে।’মোশাররফের জীবনটা মোটেও গোছালো নয়। মোশাররফকে ফোনে পাওয়াটা খুবই কষ্টসাধ্য কাজ। সহজে শিডিউল দেয় না। এ নিয়ে মোশাররফের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। মোশাররফ কী বলেন?‘কথাগুলো যাঁরা বলছেন, তাঁদের জন্য হয়তো সত্যি। কিন্তু আমার জন্য সত্যি নয়। আমি শুরু থেকেই বোহেমিয়ান জীবন যাপন করেছি। দেখা গেল, কোথাও গিয়েছি, মুঠোফোনটা ফেলে রেখে এসেছি। আমাকে কেউ খুঁজে পাচ্ছেন না। এ জন্য অনেক ভালো কাজ থেকেও বঞ্চিত হয়েছি। মোস্তফা সরয়ার ফারুকী মা-এর বিজ্ঞাপনচিত্রের জন্য আমাকে খুঁজছিলেন। আমার ফোন বন্ধ। পরে অন্য একজনকে নিয়ে তিনি কাজটা করেছেন। অনেক পরে জানতে পারলাম। মুঠোফোনটা আমার কাছে নিজের একাকিত্ব নষ্টের মেশিন মনে হয়। কাজের একাগ্রতায় ব্যাঘাত সৃষ্টি করে। যেমন—আমি হয়তো একটা কঠিন দৃশ্যে অভিনয় করছি, হঠাৎ ফোনটা বেজে উঠল। তখন কেমন লাগে বলেন। এ জন্য শুটিংস্পটে আমি মুঠোফোনের রিঙ্গারটা বন্ধ করে রাখি।মোশাররফের ডাক আসে। তিনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে যান। মোশাররফ করিম এখন লংমার্চ, প্রতিশোধসহ একাধিক নাটকে কাজ করছেন। সামনে আসছে তাঁর টেলিভিশন সিনেমাটি। আরও একটি-দুটি সিনেমার কাজ নিয়ে কথা হচ্ছে। তিনি বলেন, ‘টেলিভিশন নিয়ে আমার অনেক বেশি প্রত্যাশা। এ কথা বলতে পারি, এই ছবি মুক্তির পর মানুষকে আসলেই আমাদের সিনেমা নিয়ে ভাবতে হবে। মানুষের মধ্যে ছবিটি একটি বড় সাড়া ফেলবে, এ কথাটুকু আমি আমার সামান্য অভিজ্ঞতার আলোকে বলতেই পারি।’