মোস্ট ওয়েলকাম টু ছবিতে তারার মেলা

‘মোস্ট ওয়েলকাম টু’ছবিতে অভিনয়ের জন্য বলিউডের বিপাশা বাসু ও জ্যাকি শ্রফের পাশাপাশি ঢালিউডের চম্পা, দিতি সোহেল রানা, মিশা সওদাগরের মতো দেশের বেশ কয়েকজন জনপ্রিয় অভিনয়শিল্পীও চুক্তিবদ্ধ হয়েছেন।
এ প্রসঙ্গে ছবির পরিচালক এম এ জলিল অনন্ত জানিয়েছেন, আজ বুধবার রাতেই কান চলচ্চিত্র উত্সবে যোগ দিতে ঢাকা ছাড়ছেন তিনি।ফিরে এসেই ‘মোস্ট ওয়েলকাম টু’ছবির পরবর্তী লটের শুটিং শুরু করবেন যাতে চম্পা, দিতি, সোহেল রানা ও মিশা সওদাগর অংশ নেবেন।
অনন্ত আরও জানিয়েছেন, ‘শুরু থেকেই আমি ছবিতে চমক রাখার চেষ্টা করে আসছি।আমি সব সময় ভাবি বাংলাদেশের ছবি যেন আন্তর্জাতিক মানের মর্যাদা পায়।আর তাই চরিত্র অনুযায়ী দেশ-বিদেশের জনপ্রিয়শিল্পীদের নিয়ে আমার ছবিগুলোর কাজ করার চেষ্টা করি।’
মোস্ট ওয়েলকাম টু ছবির পরবর্তী লটের শুটিং প্রসঙ্গে অনন্ত জানান, ২২ মে দেশে ফিরলেও ২৪ মে থেকে উত্তরার একটি শুটিং বাড়িতে টানা পাঁচদিন কাজ চলবে।তারপর রাজেন্দ্রপুরে একটানা কয়েকদিন শুটিং চলবে।সেখানে শুটিংয়ে অংশ নেবেন অনন্ত ও ইতালিয়ান অভিনেতা নিনো।এ সময় সেখানে অ্যাকশন বা মারামারির দৃশ্য ধারণ করা হবে।এতে হেলিকপ্টারসহ অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহূত হবে বলেও জানান অনন্ত।
মোস্ট ওয়েলকাম টু ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন অনন্ত ও অনন্য মামুন।