মোহনপুর গ্রামে 'বৃহন্নলা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃহন্নলা ছবির দৃশ্যে সোহানা সাবা ও ফেরদৌস
বৃহন্নলা ছবির দৃশ্যে সোহানা সাবা ও ফেরদৌস

‘ছবির শুটিং বলতে আমরা বুঝি ঢাকার এফডিসি, কক্সবাজারের সমুদ্রসৈকত কিংবা গাজীপুরের হোতাপাড়া আর পুবাইলকে। কিন্তু একটি গ্রামে এসেও যে চমৎকার পরিবেশে ছবির কাজ করা যায়, এটা অনেকে নির্মাতাই ভাবতে পারবেন না। মোহনপুরে কাজ করতে এসে আমার ধারণাও পাল্টে গেছে।’ বললেন ফেরদৌস। বৃহন্নলা ছবির নায়ক। ৯ সেপ্টেম্বর থেকে মোহনপুরে তিনি ছবিটির শুটিং করছেন।
রাজবাড়ীর একটি গ্রাম মোহনপুর। এই গ্রামে সোহানা সাবার দাদাবাড়ি। আর এখানেই এখন শুটিং হচ্ছে বৃহন্নলা ছবিটির। পরিচালক মুরাদ পারভেজ। ছবির কাহিনি ও চিত্রনাট্য তিনিই লিখেছেন। গত বছর সরকারের কাছ থেকে অনুদান পেয়েছে ছবিটি।
ফেরদৌস আরও বললেন, ‘একটি ছবির শুটিংয়ে গ্রামের মানুষ যে কতটা সহযোগিতা করতে পারে, তা আমি ভাবতেই পারিনি। একই সঙ্গে বলব প্রশাসনের সহযোগিতার কথাও।’
ফেরদৌসের সঙ্গে অভিনয় করছেন সোহানা সাবা। এর আগে তাঁরা আরেকটি ছবিতে অভিনয় করেছিলেন। নাম আয়না (২০০৬)। সাবা বলেন, ‘অনেক দিন পর আবার ফেরদৌস আর আমি জুটি হয়ে কাজ করছি, ভালোই লাগছে।’
ছবির গল্প প্রসঙ্গে মুরাদ পারভেজ বলেন, ‘আমার ছবি হলো তিল থেকে তাল আর সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য করার গল্প নিয়ে।’
ছবিটির শুটিংয়ে অংশ নিচ্ছেন ইনামুল হক, দিলারা জামান, আজাদ আবুল কালাম, ঝুনা চৌধুরী, এস এম মহসীন, মানস, ইন্তেখাব দিনার, কোহিনূর প্রমুখ।