মোহাম্মদ আলী সিদ্দিকী গুরুতর অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ষাট ও সত্তরের দশকের বাংলা চলচ্চিত্র, টেলিভিশন এবং বেতারের প্রখ্যাত কণ্ঠশিল্পী ও সংগীতপরিচালক মোহাম্মদ আলী সিদ্দিকী এখন গুরুতর অসুস্থ। গত শনিবার থেকে তিনি ধানমন্ডির ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালের ৩৭৫ নম্বর কেবিনে চিকিৎসক জালালের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন। গত শনিবার শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। বিভিন্ন পরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসকেরা জানান, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তাঁর শরীরের ডান দিকের একটি অংশ অবশ হয়ে গেছে। জানা গেছে, তাঁর চিকিৎসার জন্য এখন প্রচুর অর্থের প্রয়োজন, যা বহন করা তাঁর পরিবারের জন্য কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাঁর স্ত্রী সুরাইয়া সিদ্দিকীও বেতার ও টেলিভিশনের একজন সংগীতশিল্পী। এই গুণী শিল্পীর গাওয়া অসংখ্য গান এখনো জনপ্রিয়। এর মধ্যে উল্লেখযোগ্য গানগুলো হলো ‘ওই দূর দূর দূরান্তে’, ‘হৈ হৈ হৈ রঙিলা রঙিলা রে’, ‘হেসে খেলে জীবনটা যদি চলে যায়’, ‘আমি এক দুরন্ত যাযাবর’, ‘এই পথে পথে’, ‘এই শহরে আমি যে এক নতুন ফেরিওয়ালা’, ‘বাঁশি বাজে ওই দূরে’ ইত্যাদি। প্রীত না জানে রীত চলচ্চিত্রে প্রথম তিনি কণ্ঠ দেন। তিনি যোগাযোগ ও গোপাল ভাঁড় চলচ্চিত্রের সংগীত পরিচালনাও করেন।