মৌ ও পূর্ণিমাকে নিয়ে আনজামের দুই বিজ্ঞাপন
জনপ্রিয় দুই তারকাকে নিয়ে নতুন দুটি বিজ্ঞাপন নির্মাণ করছেন আনজাম মাসুদ। এর মধ্যে একটি প্রসাধনসামগ্রীর, অন্যটি আবাসনপ্রতিষ্ঠানের। প্রসাধনসামগ্রীর বিজ্ঞাপনে মডেল হচ্ছেন মৌ আর আবাসনপ্রতিষ্ঠানের বিজ্ঞাপনের মডেল হলেন পূর্ণিমা। বিজ্ঞাপনচিত্রটির নির্মাতা সূত্রে জানা গেছে, ২৩ ও ২৪ অক্টোবর ঢাকায় প্রসাধনসামগ্রীর বিজ্ঞাপনচিত্রটির শুটিং হবে। ভাবনানির্ভর বিজ্ঞাপনটির জিঙ্গেল করছেন কণ্ঠশিল্পী আরিফ। অন্যদিকে চিত্রনায়িকা পূর্ণিমাকে নিয়ে কক্সবাজারের মনোরম লোকেশনে এরই মধ্যে আবাসনপ্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রটির শুটিং শেষ করেছেন আনজাম। জিঙ্গেলনির্ভর বিজ্ঞাপনটির কথা লিখেছেন আনজাম মাসুদ আর সুর করেছেন আরিফ। গানে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি। নতুন দুই বিজ্ঞাপন নির্মাণ প্রসঙ্গে নির্মাতা আনজাম মাসুদ বলেন, ‘এই প্রথম দুই জনপ্রিয় তারকাকে নিয়ে বিজ্ঞাপনচিত্রে কাজ করা। তাঁরা দুজনই অনেক অভিজ্ঞতাসম্পন্ন। আশা করি বিজ্ঞাপন দুটি দর্শকদের ভালো লাগবে।’বর্তমানে আনজাম মাসুদ বিজ্ঞাপন নির্মাণ ছাড়াও নিয়মিত গান লিখছেন। ঈদে আরও ৫টি বিজ্ঞাপন তৈরি করারও পরিকল্পনা করেছেন।