জঙ্গিবাদ ও মৌলবাদী শক্তির উত্থানের বিরুদ্ধে প্রতিরোধের অংশ হিসেবে শনিবার থেকে শুরু হচ্ছে ‘জাতীয় নাট্যোৎসব ২০১৬’। ১৮ দিনব্যাপী এই নাট্যোৎসবের যৌথ আয়োজক বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি। উৎসবে শিক্ষার্থীরা তাদের প্রতিষ্ঠানের পরিচয়পত্র দেখিয়ে ২০ টাকায় টিকিট কেটে নাটক দেখতে পারবে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফেডারেশনের সভাপতি ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী এ তথ্য জানান।
শনিবার সন্ধ্যা ছয়টায় উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। নাটকগুলো প্রদর্শিত হবে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন, পরীক্ষণ থিয়েটার ও স্টুডিও থিয়েটার এবং বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহীম মিলনায়তনে।
উৎসবে ঢাকার বাইরের ২৬টি ও ঢাকার ৩২টি নাট্যদলের নাটক মঞ্চস্থ হবে। ঢাকার দর্শককে সারা দেশের নাট্যচর্চার সঙ্গে পরিচয় করিয়ে দিতে প্রতি শুক্র ও শনিবার উৎসবের প্রতিটি ভেন্যুতে মঞ্চস্থ হবে ঢাকার বাইরের নাটক।
সংবাদ সম্মেলনে ফেডারেশনের মহাসচিব আকতারুজ্জামান বলেন, শিল্পীরা তাঁদের শিল্পকর্মের মাধ্যমে জঙ্গিবাদের বিপক্ষে আন্দোলন অব্যাহত রেখেছেন। তাই এবারের উৎসবের স্লোগান ‘এ মাটি নয় জঙ্গিবাদের, এ মাটি মানবতার’।
ছায়ানটে ‘আলোরঅমলকমলখানি’
প্রকাশিত হলো শিল্পী জয়ন্ত আচার্যের অ্যালবাম আলোর অমল কমলখানি। রোকন ইমনের সংগীতায়োজন ও নির্ঝর চৌধুরীর সংগীত পরিকল্পনায় অ্যালবামটি প্রকাশ করেছে ওয়াই আর মিউজিক।
গতকাল সন্ধ্যায় ছায়ানট সংস্কৃতি-ভবনের প্রধান মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘শিল্পী হওয়া এক জিনিস আর গানের সাধক হওয়া আরেক জিনিস। আমি জয়ন্তের মধ্যে সে সাধনার ব্যাপারটি দেখেছি।’
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
বক্তৃতাপর্বের পর ছিল মোড়ক উন্মোচন অনুষ্ঠান। এরপর শিল্পী জয়ন্ত আচার্য অ্যালবামের গানসহ তাঁর পছন্দের কিছু গান করেন।
নতুননাটক ‘সাহেবচান্দেরঈদভোজন’
মঞ্চে নতুন নাটক আনছে শব্দাবলী গ্রুপ থিয়েটার। সৈয়দ শামসুল হকের গল্পের নাট্যরূপ দিয়েছেন দেবাশীষ ঘোষ। নির্দেশনায় ফজলুর রহমান। আজ শুক্রবার বরিশালের শব্দাবলী স্টুডিও থিয়েটারে নাটকটির প্রথম মঞ্চায়ন হবে।
কাহিনির পটভূমি ১৯৭৫ সাল। বঙ্গবন্ধুকে হত্যার পর দালাল আইন বাতিল করা হয়েছে। ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে রাজনীতির সুযোগ করে দেওয়া হয়েছে। তখন এক ঈদের দিনে সাহেব চান্দ করে বসেন এক অন্য রকম প্রতিবাদ। তা নিয়েই নাটক সাহেব চান্দের ঈদ ভোজন।