শুধু মন ছুঁয়ে যাওয়া গল্প কিংবা সুকৌশলী নির্দেশনা হলেই ছবি চলবে—এই ফর্মুলা গত হয়েছে অনেক দিন আগেই। বিতর্ক এখন ছবির একটি অবিচ্ছেদ্য অংশ। কোনো ছবি নিয়ে বিতর্ক হলেই কেল্লা ফতে—ছবির প্রাথমিক দর্শক বক্স অফিসে নিশ্চিত। মৌসুম ছবির বেলায়ও তা-ই হচ্ছে। শহীদ কাপুরের বাবা বিখ্যাত অভিনেতা পঙ্কজ কাপুর ৩০ বছর ধরেই তাঁর সুঅভিনয়ের মাধ্যমে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন। স্বনামধন্য হয়েছেন টেলিভিশনে নির্দেশনা করে। তিনি এই প্রথম চলচ্চিত্র পরিচালনা করেছেন। ছবির নায়ক তাঁরই সুপুত্র শহীদ। এই ছবিতে আছেন শহীদের সৎমা সুপ্রিয়া পাঠকও। প্রথমবারের মতো শহীদ কাপুর-সোনম কাপুর এক ফ্রেমে বন্দী হয়েছেন। এত চমক থাকা সত্ত্বেও মৌসুম মুক্তির আগে পরিবেশকদের আরাধ্য হচ্ছে একটিই—বিতর্ক! শুরুতে মৌসুম-এর প্রথম প্রমোশনাল নিয়ে বাধে বিতর্ক। সোনম-শহীদের কয়েক গজ পেছনে একটি গরুকে নীরবে ঘাস খেতে দেখা যায়। ঘাস খাওয়া পাপ নয়; তবে সেন্সর বোর্ডের প্রশ্ন, পশু উন্নয়ন বোর্ডের অনুমতি ছাড়া কেন এই দৃশ্য ধারণ করা হলো? অতঃপর অনেক কাহিনি জন্ম নেওয়ার পর নতুন করে প্রসূত হয় মৌসুম-এ প্রমোশনাল। দ্বিতীয় বিতর্ক—নওম্যান মালিক নামে পঙ্কজের পুরোনো এক বন্ধু দাবি করেন, দীর্ঘদিন আগে পঙ্কজকে তিনি ছবির গল্পটি শুনিয়েছিলেন। আজ এত বছর পর নওম্যানের অনুমতি ছাড়াই পঙ্কজ ছবিটি নির্মাণ করেছেন। সুতরাং ছবির প্রদর্শনী বন্ধ করে দেওয়া হোক। তৃতীয় বিতর্ক ছবির ৩০ সেকেন্ডের একটি দৃশ্য নিয়ে। শুটিং শুরু করার আগেই মৌসুম দল আইএএফের অনুমতি নিয়ে ছবির কাজ শুরু করলেও মুক্তির এক সপ্তাহ আগে তারা দাবি করে, ছবির একটি দৃশ্যে গ্রাফিক্সের সূক্ষ্ম কাজ আবশ্যক। ছবিতে শহীদ কাপুর এয়ারফোর্স অফিসার হিসেবে এফ-১৬ ফাইটার প্লেন চালিয়েছেন। তাতে কোনো সমস্যা নেই। তবে প্লেন চালানোর দৃশ্যে কিছু পরিবর্তন না করলে তারা এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) দেবে না। বাধ্য হয়ে পঙ্কজকে ছবির মুক্তি এক সপ্তাহ পিছিয়ে দিতে হয়। চতুর্থ বিতর্ক—দাম মারো দাম ছবির অন্যতম নায়ক রানা ডগ্গুবতির বাবা মৌসুম-এর প্রযোজকের বিরুদ্ধে মামলা করেছেন। প্রযোজক নাকি তাঁর কাছ থেকে তিন কোটি রুপি নিয়ে এখনো ফেরত দেননি। অবিরাম বিতর্কের পাশাপাশি কানপড়াও চলছে বেশ। পঙ্কজ তাঁর প্রথম পরিচালিত ছবিতে ছেলেকেই প্রাধান্য দেবেন বেশি। নায়িকা সোনম ছবিটি সই করে ভুল করেছেন। গত দেড় বছরে সোনম তাঁর এই ‘হঠাৎ আগত শুভাকাঙ্ক্ষী’দের কথার অত্যাচারে অতিষ্ঠ। তিনি বলেন, ‘এডিনবার্গে ছবির প্রথম পাঁচ দিনের শুটিংয়ে শহীদ বিকেল পাঁচটা পর্যন্ত মেকআপ নিয়ে বসে থাকতেন। পঙ্কজ স্যার শুধু সকাল থেকেই আমার শট নিতেন আর শহীদ চুল ছিঁড়তেন। এতেই বোঝা যায়, ছবিতে আমার প্রাধান্য কতটুকু। তা ছাড়া আমি এখন পর্যন্ত এমন কোনো ছবি সই করিনি, যাতে শোপিস হয়ে থাকতে হবে। মৌসুম আমার প্রথম প্রেমের ছবি এবং কঠিন ছবি। ১৯৯২ থেকে ২০০৩ পর্যন্ত কাশ্মীরের আয়াত এবং পাঞ্জাবের হ্যারির চারটি মৌসুমের প্রেমকাহিনি নিয়ে এই ছবি। অনেকটা জেন অস্টিনের ক্লাসিক উপন্যাসের মতো।’ শহীদ বলেন, ‘নায়িকাকে গুরুত্ব না দিলে কোনো প্রেমের ছবি সম্পূর্ণ হয় না। সোনম এই ছবিতে তাঁর ক্যারিয়ারের সেরা চরিত্র পেয়েছেন এবং তাঁর সেরা কাজটি দিয়েছেন। আমার বিশ্বাস, মৌসুম আরেকটি বীর-জারা, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, জাব উই মিট হতে যাচ্ছে।’মৌসুমকে ইতিহাসের সাক্ষী করার জন্য অপেক্ষা-চেষ্টার কোনো কমতি হচ্ছে না। শহীদ-সোনম দুজনই ভিন্ন মেরুর দুজন তারকা। শুটিং শুরুর আগে তাই দুজনের রসায়ন কোনোভাবেই জমছিল না। পঙ্কজ সেই সময় তাঁদের ওপর চাপিয়ে দিলেন অভিনব এক কাজ—দুজনকে বাস্তব জীবনে অভিনয় করতে হবে। অর্থাৎ আয়াত ও হ্যারি চরিত্র হয়ে দুজন দুজনের কাছে নিয়মিত চিঠি লিখতে হবে। শুরুতে শহীদ-সোনম দুজনই এই প্রস্তাব উড়িয়ে দিলেও পঙ্কজও গোঁ ধরেছিলেন—যত দিন না তাঁরা তাঁদের চরিত্রের মধ্যে বাস করবেন, তত দিন তিনি ছবির শুটিং করবেন না। বাধ্য হয়েই শহীদ-সোনম চিঠি লিখতেন প্রতিদিন। শুটিংয়ের সময়ও তাঁদের ফেসবুক, টুইটার, ব্ল্যাকবেরি ব্যবহারের অনুমতি ছিল না। চিঠি লিখতে হতো। সোনম বলেন, ‘নতুন করে শিখতে হয়েছিল কীভাবে “সুপ্রিয়, শুভাশিস নিয়ো”, এসব!’ ছবির বিক্রিবাট্টা বাড়ানোর জন্য বিপণন বিভাগও খাটছে বেশ। পঙ্কজ কাপুর নিজেই একটি বই বের করতে যাচ্ছেন। ছবিতে ব্যবহূত শহীদ-সোনমের বৃষ্টির দৃশ্যসংবলিত প্রচ্ছদে পাঠক পাবেন ৪০০ প্রেমের চিঠি। আর এসব চিঠি পঙ্কজকে দিয়েছিলেন অগণিত প্রেমিকা কিংবা নারী ভক্ত। মৌসুম-এর প্রথম প্রচার শুরু হয়েছিল শহীদ-সোনম-পঙ্কজের নিজেদের হাতে লেখা চিঠি দিয়ে। সাংবাদিকদের কাছে নিজ হাতে ছবিতে কাজ করার অভিজ্ঞতা লিখেছিলেন তাঁরা। আসছে সপ্তাহে আবহাওয়া অধিদপ্তরে ২৪ ঘণ্টা কাজও করবেন শহীদ এবং সারা দিনের আবহাওয়ার পূর্বাভাস নিয়ে একটি টিভি চ্যানেলে হাজির হবেন। মৌসুম ছবির প্রচারণা বলে কথা! যে ছবির জন্য বিশ্বের একমাত্র অভিনেতা হিসেবে শহীদ বিভিন্ন পরীক্ষা দিয়ে এফ-১৬ ফাইটার প্লেন চালনা শিখেছেন। ১৮ থেকে ৩০ বছরের প্রেমিক চরিত্রে অভিনয় করেছেন। মৌসুম-এর গানও ইতিমধ্যে সুপারহিট। এত দিন ছবির সাফল্যের অনুষ্ঠানের কথা শুনেছে বলিউড। মৌসুমই প্রথম ছবি, যার অডিও অ্যালবাম সাফল্যের অনুষ্ঠান হয়েছে ঘটা করে। বহুল আলোচিত এই ছবি অবশেষে মুক্তি পাচ্ছে আগামীকাল। রুম্মান রশীদ খানডেইলি পাইওনিয়ার, বলিউড হাঙ্গামা, ফিল্মফেয়ার অবলম্বনে