মৌসুমি যাত্রা জমে উঠেছে
মৌসুম শুরু হওয়ার অল্প কদিনের মধ্যেই যাত্রাগান জমে উঠেছে। বিভিন্ন মেলা-পার্বণসহ এখন প্রত্যন্ত অঞ্চলেও পেশাদার যাত্রার মঞ্চায়ন হচ্ছে। পরিশীলিত যাত্রাগানে নারী-পুরুষ উভয় শ্রেণীর দর্শকের আগমন ঘটছে। যাত্রা যে পারিবারিক বিনোদনের মাধ্যম, এর প্রমাণ পাওয়া গেল খুলনার কাঞ্চননগর প্যান্ডেলে। আদি বঙ্গশ্রী অপেরার পালাগান শুনতে এই প্যান্ডেলে অনেককেই পরিবারসমেত দেখা গেছে। কাজীর হোলার সনাতন মণ্ডল, লতাবুনিয়ার পরিতোষ মণ্ডল, চাঁদগড়ের আলতাফ শেখ, সুন্দরমলের সামসু বিশ্বাস যাত্রা দেখেন পরিবারের সবাই মিলে। এঁদের মতো আরও অনেকেই সপরিবারে যাত্রা দেখতে আসেন। আদি বঙ্গশ্রীর প্যান্ডেল প্রতি রাতে পূর্ণ ছিল। গত সপ্তাহে চাঁপাইনবাবগঞ্জের কানসাট মেলায় মাসব্যাপী যাত্রাগানের আসর বসেছে। এখানে চ্যালেঞ্জার অপেরা, উত্তরণ অপেরা ও নিউ সংগীতা অপেরার মঞ্চায়ন হচ্ছে। তিনটি আসরে প্রতি রাতে বিপুলসংখ্যক দর্শক সমাগম হচ্ছে। এর আগে এই মেলায় চৈতালী অপেরা ও রূপাঞ্জলি অপেরার গানেও দর্শকের ঢল নামে। দিনাজপুরের পার্বতীপুর নিউ ভোলাথান অপেরার প্যান্ডেলে মঞ্চায়ন হচ্ছে স্বচ্ছন্দ গতিতে—দর্শকও আসছে স্বতঃস্ফূর্তভাবে। নওগাঁর সুতির হাটে আনন্দ অপেরার আনন্দঘন মঞ্চায়নে দর্শক সমাগম হয়েছে। পাবনার সাঁথিয়ায় নিউ রংধনু অপেরার জয়জয়কার যাচ্ছে। নিউ শিরিন অপেরার মঞ্চায়ন হচ্ছে সিরাজগঞ্জের নিভৃত পল্লিতে। এখানে নারী-পুরুষ সমানসংখ্যক দর্শকের সমাগম ঘটছে; যা যাত্রায় কিছুদিন আগেও কল্পনা করা যেত না। বারবার ব্যবসায়িক মার খেয়ে দল-মালিকেরা এবার সমন্বিত উদ্যোগ নিয়েছেন। দীর্ঘ নৃত্য-গীত পরিহার করে পূর্ণাঙ্গ পালা মঞ্চায়নে গুরুত্ব দিচ্ছেন। ফলে এ মৌসুমে প্রতিটি দলেই পালাগানে আলাদা ব্যঞ্জনা তৈরি হয়েছে। শিক্ষার্থী থেকে শুরু করে সব পেশার লোকদের দর্শকের কাতারে দেখা যাচ্ছে। আদি রাজমহল অপেরার মমতাময়ী মা যাত্রাপালার অভিনয় দেখে স্কুলপড়ুয়া রমজান শেখ জানায়, যাত্রায় এত ভালো ভালো কথা থাকে, তা সে জানত না। এই তার প্রথম যাত্রা দেখা। ষাটোর্ধ্ব হাসমত শেখ জানান, মুসলমান সমাজে জাতিভেদ না থাকলেও সংস্কৃতির শ্রেণীভেদ আছে। যাত্রার লোকেরা চলতি মৌসুমকে বাণিজ্যলক্ষ্মীর মৌসুম বলে মনে করছেন। সরকারও যাত্রা বিষয়ে আন্তরিক হয়েছে। অনুমতির সমস্যা অনেকটা কেটে গেছে।