মৌসুমী থেকে রোশনী
আগের দিন মৌসুমী হামিদকে যখন সাক্ষাৎকারের সময় নেওয়ার জন্য ফোন করা হয়, তখন ওপার থেকে উত্তর মেলে—‘আমি এখন স্টেডিয়ামের পথে।’ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের সাহারা কাপ ফাইনাল নিয়ে যখন সারা দেশে তুমুল মাতামাতি, তখন তার আঁচ এই অভিনেত্রীকে স্পর্শ করবে না তা কি হয়! তাই জানালেন, ‘সময় হবে পরের দিন।’ পরের দিন। বাংলাদেশ ইতিমধ্যে সিরিজ জিতেছে। তাই ক্রিকেটপ্রেমী তারকা মৌসুমী হামিদের চেহারায় তখনো বিজয়ের উন্মাদনা, কথার শুরুতেও সেটি বোঝা গেল, ‘জানেন, আমাদের বিজয়টা যতই কাছে এগিয়ে আসছিল, ততই আমার মধ্যে বাড়ছিল অস্থিরতা। বিজয় নিশ্চিত হওয়ার পর চিৎকার করতে করতে আমার সামনে থাকা ডেস্কের ওপর আনমনে উঠে পড়েছিলাম! ’ বলছিলেন মৌসুমী। ক্রিকেট নিয়ে তাঁর এই উত্তেজনা কেন? মৌসুমীর ঝটপট উত্তর, ‘আমি ছোটবেলা থেকেই ক্রিকেটের ভক্ত। এবারই প্রথম স্টেডিয়ামে গিয়ে সরাসরি খেলা দেখলাম।’ এবার অন্য প্রসঙ্গ। শুরুতে—রোশনী। এপার বাংলা-ওপার বাংলার যৌথ প্রযোজনায় হাজার পর্বের এই ধারাবাহিকের নাম ভূমিকায় অভিনয় করছেন মৌসুমী। বললেন, ‘এ ধরনের সুযোগ কজনের আসে! রোশনী চরিত্রটি আমার অভিনয়জীবনকে এগিয়ে দিয়েছে বহু দূর।’বলে চলেছেন মৌসুমী, ‘একবার কলকাতা শহরের এক গলিতে শুটিং করছি। এ দৃশ্যে আমার স্বামী সায়নকে মারা হবে। আমি গাড়িতে। বাসাবাড়ির ওপর থেকে মেয়েরা শুটিং দেখছেন। ধারণ শুরু হয়েছে। ওমা! দেখি, মেয়েরা ওপর থেকে চিৎকার করছে, দেখ দেখ সায়নকে মারছে, গাড়িতে রোশনী!’ ওদের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন? ‘ওদের কাজ খুবই গোছালো। মেকআপ-গেটআপ সঠিকভাবে না হলে শট নেন না। প্রয়োজনে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকবেন। ধারাবাহিকটিতে অভিনয়ের সুযোগ হলো কী করে?—প্রশ্ন শুনেই মুখটা উজ্জ্বল হয়ে ওঠে মৌসুমীর। বললেন, ‘চ্যানেল আই থেকে চরিত্রটির জন্য আমাকে বলা হয়। রোশনী চরিত্রের জন্য অডিশন নিতে ওপার বাংলা থেকে আসবেন নাটকটির নির্বাহী পরিচালক শুভদা। তাই নিজের মধ্যে উত্তেজনা বাড়ছিল। ভয়ও লাগছিল। অডিশনের মুখোমুখি হলাম। শেষ পর্যন্ত চূড়ান্ত অডিশনে আমি টিকে গেলাম!’ এখনেই শেষ নয়। নাটকটির পরিচালক নিয়ে মৌসুমীর উত্তেজনা বেড়ে যায় দ্বিগুণ। কলকাতার বিখ্যাত চলচ্চিত্র পরিচালক হরনাথ চক্রবর্তীই নাটকটি পরিচালনা করবেন, তখনো এ তথ্যটি তাঁর জানা ছিল না। শুটিংয়ের আগের দিন পরিচালকের সঙ্গে মৌসুমীর পরিচয় হয়। বললেন, ‘আরে আমি তো তাঁকে দেখে অবাক! তিনি বিখ্যাত চলচ্চিত্র পরিচালক। তাঁর করা লাটের গুরু সঙ্গী, সাথী, চল পাল্টাইসহ অনেক বাংলা ছবি আমি আগেই দেখেছি। তাঁর সঙ্গে কাজ করব, ভাবতেই পারিনি।’ উচ্ছ্বসিত হয়েই কথাগুলো বলে গেলেন তিনি। এদিকে আমাদের কথোপকথন কলকাতা হয়ে আবার ঢাকায় ফিরে আসে। যে আশা নিয়ে ২০১০ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নেওয়া, সিনেমা দেখতে বসে অভিনয় করার স্বপ্নে বিভোর হওয়া—সেই সিঁড়িতে পা রেখে ক্রমাগত এখন এগিয়ে চলা তাঁর। ২০১১ সালে এসে গেল অনিমেষ আইচের না মানুষ চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ। চরিত্রের নাম চন্দ্রভান। কীভাবে ঘটল এ ঘটনা? আমরা শুনতে থাকি, ‘আমার কিছু নাটকের কাজ অনিমেষ আইচ দেখেন। একদিন ফোনে তিনি আমাকে দেখা করতে বললেন। আমি তো অবাক! তাঁর কাজের একজন বড় ভক্ত আমি। যা-ই হোক, গেলাম। চন্দ্রভান চরিত্রটি নিয়ে কথা হলো। শুনে খুবই লোভনীয় মনে হলো আমার চরিত্রটি।’ এটি তো চলচ্চিত্রে প্রথম কাজ। প্রস্তুতি কেমন ছিল? বলে যান মৌসুমী, ‘শুটিং শুরু হওয়ার আগে চার মাস কোনো কাজ করিনি। চন্দ্রভান চরিত্রটি নিজের মধ্যে গড়েছি।’ শুটিংয়ে সেই প্রমাণও দিয়েছেন মৌসুমী। শীতের রাতে চরিত্রের প্রয়োজনে প্রায় তিন ঘণ্টা পুকুরের পানিতে ডুবে থাকতে হয়েছে তাঁকে। ‘চরিত্রটি একটু চন্দ্রগ্রস্ত রকমের। পূর্ণিমার রাতে পুকুরে নামে চন্দ্রভান। শুটিংটা হচ্ছিল রাত আড়াইটায়, শীতের রাত। একাধিকবার পানিতে ডুব দিতে হয়েছিল। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ধারণ করতে প্রায় তিন ঘণ্টা লেগে যায়। পুরো সময় আমি পানিতে। ধারণ শেষ করে ওপরে ওঠার পরই আমি অসচেতন হয়ে পড়ি। জ্ঞান ফিরলে দেখি, তিনটা কম্বল দিয়ে আমাকে ঢেকে রাখা হয়েছে।’ বললেন মৌসুমী। একই সঙ্গে ছবিটির যতটুকু কাজ হয়েছে, ততটুকু নিয়েই সন্তুষ্টির কথা এখানে যোগ করলেন তিনি, ‘ছবির গল্প অসাধারণ। ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে। খুবই পরিচ্ছন্নভাবে হয়েছে।’ এতটুকু বলেই থামেন মৌসুমী। ততক্ষণে ব্যস্ত শহরের রাস্তায় শীতের কুয়াশায় নিয়নের আবছা আলো ছড়িয়েছে। উঠে পড়েন মৌসুমী। ঘরে ফেরার মানুষের ব্যস্ততায় তাঁর ব্যস্ততাও মিশে যায়।