মৌসুমী পূর্ণিমায় মোশাররফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার প্রশ্ন শুনে বিব্রত হচ্ছেন না তো?’ মোশাররফ করিমের এমন কথা শুনে দুজনই হো হো করে হেসে উঠলেন।মৌসুমী বললেন, ‘আমার কাছে তো খুবই ভালো লাগছে। এত সুন্দর করে কথা বলেন আপনি!’‘আপনার কথা শুনে তো মনে হচ্ছে, প্রেমে পড়ে যাবে যে কেউ।’ পূর্ণিমা আরও এককাঠি এগিয়ে।মোশাররফ রসিকতা করে বললেন, ‘দুই সুন্দরীর কাছ থেকে আমি নিজের সম্পর্কে এ রকম প্রশংসাই শুনতে চাইছিলাম।’বাইরে তখন ঝুমবৃষ্টি। আবহাওয়া পূর্বাভাসে ৩ নম্বর বিপৎসংকেত। ফয়’স লেকের সি ওয়ার্ল্ডের ব্যালকনিতে মধ্যাহ্নভোজের পর তুমুল আড্ডায় মশগুল তিন তারকা—মৌসুমী, পূর্ণিমা ও মোশাররফ করিম।মোশাররফ করিম পূর্ণিমাকে বললেন, ‘জসীমউদ্দীনের নকসী কাঁথার মাঠ-এর একটা কবিতার লাইন মনে পড়ছে, “মুখখানি তার ঢল ঢল, ঢলেই যেত পড়ে।/ রাঙ্গা ঠোঁটের বাঁধুনিটায় রাখলো বুঝি ধরে”। এই কবিতার মতোই আপনার স্নিগ্ধতা। পূর্ণিমা নামটা আপনার সঙ্গে একদম মানানসই।পূর্ণিমা: আমি অনেকক্ষণ ধরে সহ্য করছি আপনার কথা। আপনি কী বলে শেষ করেন, সেটাই শুনতে চাই। মোশাররফ: আমার বাড়ি বরিশালের গৌরনদীতে। সেখানে জয়ন্তদা বলে একজন খুব ভালো রসগোল্লা তৈরি করেন। একদিন তিনি বললেন, এর মধ্যেও ভেজাল আছে। একটু ময়দা দিতে হয়। পূর্ণিমার মধ্যে ভেজালটা কোথায়? মৌসুমী: বাব্বা, দারুণ প্রশ্ন তো! পূর্ণিমা, ভেবেচিন্তে উত্তরটা দাও।মোশাররফ: প্রশ্নটা জোস হয়েছে না?পূর্ণিমা: জটিল হয়েছে, ভাইয়া। আপনার প্রশ্ন কি শেষ?মোশাররফ: কবে...! সেই পাকিস্তান আমলে প্রশ্ন করেছি। জানতে চেয়েছি, কোন ভেজালের কারণে পূর্ণিমা অসাধারণ?পূর্ণিমা: আয়নার সামনে দাঁড়ালে মনে হয়, আমার চেহারায় খুঁত আছে। আমার চোখগুলো আরও বড় হলে ভালো হতো।মোশাররফ: মৌসুমী, সেই কবে শুরু করেছেন, এখনো চালিয়ে যাচ্ছেন। দিন যতই যাচ্ছে, ততই আপনি সুন্দরের ফুল ফোটাচ্ছেন। আপনার কাছ থেকে দীর্ঘদিন ধরে কাজ করা, সুন্দর করে কথা বলা শিখেছি...আমার মনে হয়, আপনার কাছ থেকে এ রকম আরও কিছু শেখার আছে। এসব গুণ অর্জন করলেন কী করে?মৌসুমী: আমার এখনো মনে হয়, কিছুই শিখিনি। আজ অবধি যেভাবে কাজ করছি, এটা সম্ভব হয়েছে ভাগ্য আর মানুষের ভালোবাসার কারণে। এখন তো কেয়ামত থেকে কেয়ামত-এর নায়িকা হতে পারব না। তবে চাই, আমার সব কাজের মধ্যে সেই কেয়ামত থেকে কেয়ামত-এর রেশটা যেন থাকে।মোশাররফ: খেয়াল করে দেখেছি, আপনি খুব আন্ডারটোন অভিনয় করেন সব সময়। কেন?মৌসুমী: আমি চেয়েছি, আমার নিজের একটা পরিচয় প্রতিষ্ঠিত হোক। মৌসুমী মানেই খুব সফট অভিনয়। যেখানে চিৎকার করে কথা বলতে হয়, সেখানে সেটি করেছি। তার মধ্যেও আমি একটা স্টাইলে অভিনয় করে যাচ্ছি।মোশাররফ: আপনি তো মডেলিং, সিনেমা, তারপর নাটকে কাজ করলেন। কখনো কি মনে হয় না, স্টেজে কাজ করতে পারলে ভালো হতো?মৌসুমী: অবশ্যই। যখন বাইরে কোথাও শো করতে যাই, মনে হয়, মঞ্চে কাজ করতে পারলে দর্শকের সঙ্গে যোগাযোগটা আরও বেশি হতো। আফসোস, এই মাধ্যমটায় কাজ করলাম না!এবার পূর্ণিমার দিকে ঘুরে বসলেন মোশাররফ। পূর্ণিমা তখন ম্যাগাজিনের পাতা ওল্টাচ্ছেন। মোশাররফ: এত দিন হলো বিনোদনভুবনে কাজ করছি, কিন্তু পূর্ণিমার সঙ্গে কাজ করা হয়নি। এ কারণে পূর্ণিমা সম্পর্কে আমার খুব বেশি জানার অবকাশ হয়নি। যতটুকু জানি, আপনি নাকি খুব দ্রুতই মানুষকে অনুকরণ করতে পারেন। এই গুণ কি ছোটবেলা থেকেই অর্জন করেছেন?পূর্ণিমা: না...। কী যে বলেন! আমার বয়স কি খুব বেশি? আমি তো এখনো ছোটই।মৌসুমী: ঠিকই বলেছেন। ও ছোটবেলা থেকেই এটা শিখেছে। কারণ, ছোটবেলাতেই ও ফিল্মে কাজ করতে এসেছে।পূর্ণিমা: আমি যখন ফিল্মে কাজ করতে এলাম, তখন চুপচাপ থাকতাম। শুনতাম আর দেখতাম, নিজে কম বলতাম। মানুষের কথা এত বেশি শুনতাম যে একসময় কে কীভাবে কথা বলে, তা অনুকরণ করতে শুরু করলাম। দেখা গেল, সবারটাই হুবহু হয়ে যাচ্ছে।মোশাররফ: এই যে মানুষকে অনুকরণ করার ব্যাপারটা, এটা অভিনয়ের ক্ষেত্রে সহায়তা করে?পূর্ণিমা: হ্যাঁ, করে। যে পরিচালক যেভাবে চান, তাঁর ছবিতে সেভাবেই অভিনয় করি। এ জন্য পূর্ণিমা হিসেবে আমার নিজের একটা স্টাইল গড়ে তুলতে পেরেছি।মোশাররফ: আচ্ছা, খলনায়িকা হিসেবে কেউ কাজ করতে বললে করবেন আপনারা?মৌসুমী: জটিল চরিত্রে কাজ করার আগ্রহ কার না থাকে, বলুন? কিন্তু নির্মাতারা না নিলে কীভাবে করব? নির্মাতারা মনে করেন, নায়িকাকে খলনায়িকা হিসেবে কেউ নেবে না। তাই করা হয় না।পূর্ণিমা: আমি তো খুবই চাই যে দর্শক আমাকে পর্দায় দেখে বলুক, মেয়েটা কী দজ্জাল, ভয়ংকর! কী সাংঘাতিক! কিন্তু সে রকম চরিত্র কোথায়, বলুন?সন্ধ্যা নেমেছে। বৃষ্টিও নেই। তিনজনই গেলেন মাদকবিরোধী কনসার্টের মঞ্চে। দর্শকের মুহুর্মুহু করতালির মধ্যে মঞ্চে উঠলেন এবং যখন ফিরে এলেন, তখন তাঁদের অস্তিত্বে দর্শকের ভালোবাসা। বিমানের সময় হয়ে এসেছে। ব্যাগ গোছাতে গোছাতে মোশাররফ বললেন, ‘মৌসুমী-পূর্ণিমার সঙ্গে কথা বলে মনে হলো, ওঁরা অনেক বুদ্ধিমতী। মন খুলে কথা বলেন এবং সহশিল্পী হিসেবেও অসাধারণ।’ শ্রুতিলিখন: কামরুজ্জামান