মৌসুমী ভৌমিক হাঁটছেন লোকগানের পথে
সহস্র যোজনের পথেআমার ভয় হতেছেএকা যেতে।গুরু তুমি আমার সঙ্গে থেকেসুপথ চিনাইয়া লইয়ো।ওয়েবক্ষেত্রটির নীড়পাতা বা হোমপেইজে লেখা আছে বাণীকান্ত দাসের এই কটি চরণ।www.thetravellingarchive.org ঠিকানার এ ওয়েবক্ষেত্রে সঞ্চিত হচ্ছে গান-রচয়িতা ও গায়ক-গবেষক মৌসুমী ভৌমিক আর শব্দধারক সুকান্ত মজুমদারের এক পথ-খোঁজা আর পথ-চলার ফসল। তাঁরা দুজন প্রায় এক দশক হলো বাংলার লোকগানের পথ হাঁটছেন। ভারতের পশ্চিমবঙ্গ ও সংলগ্ন আসামের কিছু অঞ্চল, বাংলাদেশ বা লন্ডনে সিলেটি অভিবাসীদের পাড়া ঘুরে তাঁরা রেকর্ড করছেন গান আর কথা। খুঁজছেন, ভাবছেন, লিখছেন।‘নদী যেমন দেশের সীমানা বোঝে না, কেবল নাম পাল্টে পাল্টে চলে, কিছুটা তেমনই মানুষের গান আর গল্প, তারও এক নিজস্ব অবাধ স্রোত থাকে। তবে মানুষ কিন্তু ঠিক নদীর মতো নয়...মানুষের চলা ভিন্ন, সে “দুখভয়সংকটে” স্থানান্তরিত হয়, উৎপাটিত হয়, আবার স্বপ্নে সে নির্বাসন খোঁজে।...আবার এই মানুষ শব্দ বহনকারী, তার শরীরে আর স্মৃতিতে অজস্র স্বর আর সুরের দাগ। সে যখন চলে, তার সঙ্গে সঙ্গে তার গান আর গল্পও চলে।’—লিখেছেন মৌসুমী। কলকাতার বাউল ফকির উৎসব কমিটির বার্ষিক পত্রিকা আরশিনগর, বাউল ফকির তত্ত্বতালাশ-এ এ বছর ছাপা হওয়া তাঁর লেখাটির নাম ‘সময় আর শব্দের রেখায় ম্যাপ-নির্মাণ’।ঢাকায় শ্রাবণের শেষ সপ্তাহে মহাখালীর ডিওএইচএসে রেলপথঘেঁষা একটি বাড়িতে মৌসুমী ও সুকান্তের সঙ্গে আড্ডা জমে উঠল।মৌসুমীকে চিনি ঝিমলী নামে, সেই কবে থেকে। ঝিমলী বলেন, ‘এই বাংলাদেশের সঙ্গে তো আমার আসা-যাওয়ার সম্পর্কই। সারাক্ষণই তো আসছি, যাচ্ছি।’২.ওর বাংলাদেশে আসা-যাওয়ার সূচনায় ছিল আরেকটি গবেষণার কাজ, গত শতাব্দীর গোড়ার দিকের বাঙালি মুসলমান লেখিকাদের সম্পর্কে। ১৯৯৪ থেকে ১৯৯৭, ঝিমলী পুরান ঢাকার পাটুয়াটুলী থেকে লোকগানের ক্যাসেট কিনে নিয়ে যেতেন কলকাতায়—মমতাজ, আলেয়া, সালেহা, নারগিস আখতার...। আজকের গান-গবেষণার বীজ তখনই বোনা হতে থাকে—বলেন ঝিমলী।অথবা শুরুটা সবকিছুর সঙ্গে মিলেমিশে ছিল আরও আগে থেকেই—‘আরও কিছু গান, অবচেতনে আমরা যেমন করে বয়ে বয়ে চলি; ঠিক জানি না কোথা থেকে এসেছে, যেমন সুর থাকে, কথা থাকে, ভাব থাকে গানের।’ কীর্তনের সুর বা বাউল গানের সুর—নিজের গানের ভেতরেও সেসব কী করে যেন চলে আসে। একবিংশ শতাব্দীর গোড়ায় এসে মৌসুমী আজকের গবেষণাটির ধারণা গোছাতে শুরু করেন। ‘একটা সময় এল যখন মনে হলো, আমি নিজে তো গান লিখি বা সুর করি, গাই, সেটা এক রকম। কিন্তু এই যে গান, যে গান আমার নিজেরই গান, বা যে গান আমি শুনি, যে গান আমি শিখেছি, সে গানের আরেকটু পেছনে যাওয়ার একটা ইচ্ছে হলো।’ তখন তিনি থাকছিলেন লন্ডনে—‘আমি দেখলাম গানটাই আমার আঁকড়ে ধরার জিনিস হয়েছে। তাই আমি তার পেছনে যাত্রা শুরু করলাম একটা।’ ‘সময় আর শব্দের রেখায় ম্যাপ-নির্মাণ’-এ মৌসুমী লিখছেন, চলা-জীবনের বাইরে বেরোনোর একটা তাগিদও ছিল। ৩.গবেষণার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয় ২০০৩ সালের শেষদিকে। শুরুর ভাবনাটা ছিল বিচ্ছেদের গান নিয়ে। ‘বিচ্ছেদের কিছু কিছু গলা ছিল, কিছু কিছু গান ছিল, যেগুলো আমাকে সাংঘাতিক টেনেছিল। প্রথম দিকে ভেবেছিলাম যে এসব মানুষকে খুঁজব। এই যে যারা ঘর আর বাইরের মধ্যে একটা টানাপোড়েনে পড়ে যায়, বিশেষ করে মেয়েরা।’নিজের জীবনের সঙ্গেও কি এর মিল ছিল? ‘সেটা খুবই ছিল। আমারও মনে হচ্ছিল আমি ঘর আর বাইরের মধ্যে কোথাও একটা টানাপোড়েনের মধ্যে পড়ে যাচ্ছি। আমি লন্ডনে থাকছিলাম আমার পারিবারিক সূত্রে। তো সেখানে আমার খোঁজাটা, আমার অস্থিরতা, চলা-পথের বাইরে বেরোনোর তাগিদটা বাড়তে শুরু করে।’ বিচ্ছেদ থেকে ভাবনা পৌঁছায় বিরহতে। তারপর অভিবাসন, মানুষের চলাচল, গান নিয়ে চলা, দেশান্তরী হওয়া—ভাবনাচিন্তা আরও ডালপালা মেলল।৪.মৌসুমীর জন্ম জলপাইগুড়িতে আর বেড়ে ওঠা উত্তর-পূর্ব ভারতের মেঘালয়ের শিলংয়ে। বাবা ও মায়ের পূর্বপুরুষদের বাড়ি ছিল পাবনা আর বরিশালে। কিন্তু দেশভাগের আগেই তাঁদের পরিবার চাকরিসূত্রে ভারতে স্থিত হন। ফলে বাংলাদেশের সঙ্গে স্মৃতিতাড়িত কোনো যোগসূত্র মৌসুমীর ছিল না। তবে নিজের গান গাইতে বহুবারই বাংলাদেশে এসেছেন মৌসুমী। আত্মার আত্মীয়তা গড়ে উঠেছে প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদের সঙ্গে। তারপর মুক্তির কথার জন্য ‘যশোর রোড’ গানটা তৈরি করা, আরও পরে মাটির ময়নার সংগীত পরিচালনা। মৌসুমী বলেন, ‘তারেক মাসুদ আমার খুবই কাছের মানুষ, খুবই কাছের বন্ধু, আমার একদম গুরু বলা যায় অনেকভাবে।’এ গবেষণার কাজেও তারেক অনেক পথ দেখিয়েছেন। বাংলাদেশে গবেষণাটির বড় দুটি ক্ষেত্র হচ্ছে বৃহত্তর ফরিদপুর আর সিলেট। ৫.কথায় কথায় আর্কাইভের কথা আসে। মৌসুমী বলেন, ‘আর্কাইভ জিনিসটা নিয়েই কিছু তাত্ত্বিক প্রশ্ন আমাদের কাজ থেকে উঠে আসছে, আজকের দিনে একটা আর্কাইভে আমি (সংগ্রহগুলো) আটকে রাখব কি না, শুধু গবেষকদের জন্য, শুধু বিশেষ ইন্টারেস্টের মানুষদের জন্য। বিশেষ করে, যেটা একটা চলমান সংস্কৃতি, একটা মৌখিকতা যে সংস্কৃতির মধ্যে আছে, সে সংস্কৃতির আর্কাইভ করা কীভাবে হতে পারে? যে কারণে আমাদের এই ট্র্যাভেলিং আর্কাইভের ধারণাটা।’ ওঁদের ওয়েবক্ষেত্রের নাম দ্য ট্র্যাভেলিং আর্কাইভের বাংলা করলে দাঁড়ায় চলমান আর্কাইভ। ‘আসলে মানুষই তো চলমান আর্কাইভ একেকজন। যেসব মানুষের সঙ্গে আমাদের দেখা হয়, তাঁদের মধ্যেই তো পুরো জ্ঞানটা। এবং তাঁরা যতটা সম্ভব সেটা তাঁদের পরবর্তী প্রজন্মকে দিয়ে যান। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেটা পাল্টেও যায়।’ ধারণ করা গানগুলো মৌসুমীরা ঘুরে ঘুরে মানুষজনকে শোনান, চিন্তাভাবনাগুলো বলেন, ছবি দেখান, গেয়ে শোনান। এভাবে আর্কাইভকে প্রাণ দেওয়ার চেষ্টা থাকে।৬.সুকান্ত মজুমদার এ কাজে যুক্ত হয়েছেন ২০০৪ সালে। তখন তিনি কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে শব্দধারণ বা সাউন্ড রেকর্ডিং নিয়ে পড়ছেন। ফিল্ড রেকর্ডিং বা সরেজমিনে শব্দধারণসহ অভিজ্ঞতাটা তাঁর জীবনের জন্য কেমন হলো?‘আমার তো বদলে গেল জীবন একদমই! এই গান, এই ফিল্ড রেকর্ডিং করতে গিয়ে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ, অন্যান্য নানা যোগাযোগ ছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার ঘটেছে আমার ক্ষেত্রে। আমার কাজের দিক থেকেই একটা সম্পূর্ণ নতুন দিক আমি খুঁজে পেয়েছি, আস্তে আস্তে তা পাচ্ছি। ফিল্ড রেকর্ডিং, সেখানে একজন ফিল্ড রেকর্ডিস্টের উপস্থিতি, তাঁর সঙ্গে ফিল্ডের সম্পর্ক—এই জিনিসগুলো আমার কাছে এখন খুব গুরত্বপূর্ণ এবং নানা প্রশ্ন নিয়ে হাজির হয়। আমরা আসলে রেকর্ডিং সৃজন করি, না রেকর্ড করি সেইটা খুব জরুরি একটা প্রশ্ন।’সুকান্ত বলেন, ‘যখন এসে ঘাড়ে মাইক হাতে ক্যামেরা নিয়ে পৌঁছাই একটা জায়গায়, তখন আসলে সেই জায়গাটাকে আমরা এমনভাবে প্রভাবিত করি কথাবার্তা দিয়ে, উপস্থিতি দিয়ে—তখন গানগুলো বা যা-ই হচ্ছে, সেটা একভাবে তৈরি হচ্ছে। যদি আমরা না থাকি সেটা হয়তো আরেক চেহারা নেবে।’ সে জন্য তাঁরা একটা জায়গায় ফিরে ফিরে যান, মানুষের সঙ্গে পরিচিতি বাড়ে আর গানের চেহারাটাও তখন পরিষ্কার হয়। ‘আর গানকে আসলে সত্যি কথা বলতে গান হিসেবে ধরা যায় না। গানের সঙ্গে মানুষের এমন একটা যোগ!’ সুকান্ত আরও বলেন, ‘শুধু শব্দ একটা জায়গার বিষয়ে কতখানি বলতে পারে, এইটা আমার আরেকটা কেন্দ্রীয় কাজের জায়গা।’ পুরো কাজকে তাঁরা শব্দের রেখায় মানচিত্র-নির্মাণও বলছেন। ৭.বিষয়টির পোশাকি নাম এথনোমিউজিকোলজি বা নৃকুল-সংগীতবিদ্যা। মৌসুমী ব্যাখ্যা করেন, ‘মানুষ যে গান তৈরি করছে, তা শুধু গানের কথা নয়, মানুষেরও কথা। মানুষের জীবনে গান—গান এবং মানুষের যে সম্পর্ক—গান দিয়ে মানুষের জীবনকে বোঝা। একটা প্রাণের প্রকাশ হিসেবে, গানকে জীবনযাপন হিসেবে আমরা দেখছি।’ এ গবেষণাকে দুবার সহায়তা করেছে ভারতের শিল্পকলা-পৃষ্ঠপোষক ইন্ডিয়া ফাউন্ডেশন ফর দ্য আর্টস। মৌসুমী আর সুকান্ত এখন চাইছেন ওয়েবক্ষেত্রটিকে ঢেলে সাজাতে। কিন্তু তার জন্য পৃষ্ঠপোষকতা এখনো মেলেনি। ওয়েবক্ষত্রটিতে এখন পর্যন্ত কেবল গান ও আলোচনাগুলোর টুকরো অংশ বা ক্লিপ রাখা হয়েছে। বহু বিচিত্র ধারার অকৃত্রিম গলাগুলো শুনলে আরও শোনার তেষ্টা জাগে। ওঁরা বলছেন, পরবর্তী ধাপে মাঠে রেকর্ড করা শব্দ-ছবি সবটাই তুলে দেবেন। এসব শব্দ-ছবির সঙ্গে থাকছে মাঠের টোকা, এলাকা ও শিল্পীর পরিচিতি। এ ছাড়া, ট্র্যাভেলিং আর্কাইভ রেকর্ডস নামে রেকর্ড লেবেল বা প্রকাশনা বের করার পরিকল্পনা রয়েছে। সঞ্চিত এ সম্পদের সমান স্বত্ব গবেষকদের আর শিল্পীদের।৮.ঝিমলীর গান প্রথম শুনেছিলাম ১৯৯৩ সালে কলকাতার যাদবপুরে, তাঁদের পুরোনো একতলা বাড়ির সিঁড়ির সামনে বসে। তখন তাঁর পারিপার্শ্বিক ছিল পুরোপুরি শহুরে। এখনকার এই পথ-চলা থেকে ওর সবচেয়ে বড় পাওয়া কী হয়েছে? ‘কোথাও হয়তো জগৎটা একটু বড় হলো, বোঝাগুলো—বুঝতে পারাটা একটু বাড়ল। একটু নিজের গানের বাইরের জগৎটার দিকে তাকাতে শিখলাম। একতলা বাড়ির সিঁড়ির বাইরে একটু বেরোতে পেরেছি আর কি।’একটু থেমে তিনি আরও বলেন, ‘পাওয়ার সঙ্গে সঙ্গে কিছু কিছু জিনিস চলেও যায়। যেমন সময় চলে যায়—একটা জায়গা ভরে, একটা জায়গা খালি হয়, এসবও হয়।’