মৌসুমী-শুভ-মিম ভক্তদের আরও দুই সপ্তাহের অপেক্ষা

মৌসুমী, শুভ ও মিমের ভক্তদের আরও দুই সপ্তাহ অপেক্ষা করতে হচ্ছে। এবারই প্রথম এই তিন তারকা অভিনয়শিল্পী একসঙ্গে এক ছবিতে অভিনয় করেন। ছবির নাম ‘তারকাঁটা’। ছবিটির পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল ওরফে রাজ। ছবিটির মুক্তির প্রসঙ্গে রাজ জানিয়েছিলেন, ২৩ মে থেকে বিভিন্ন প্রেক্ষাগৃহে ‘তারকাঁটা’ একযোগে মুক্তি পেতে যাচ্ছে। প্রেক্ষাগৃহে এ সপ্তাহেই মৌসুমী, শুভ ও মিমের সঙ্গে দর্শকদের দেখা হওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা আর হলো না। পিছিয়ে গেছে ‘তারকাঁটা’ ছবির মুক্তির তারিখ।
‘তারকাঁটা’ ছবির পরিচালক রাজ এ প্রসঙ্গে বলেন, ‘২৩ মে ছবিটি মুক্তির দেওয়ার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তারিখটি পাওয়া সম্ভব হয়নি। এরই মধ্যে নতুন তারিখের জন্য আবেদনও করা হয়েছে। সবাইকে আশ্বস্ত করতে চাই, আগামী দুই সপ্তাহের মধ্যে মৌসুমী, শুভ ও মিম অভিনীত “তারকাঁটা” ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবেই। দর্শকদের বাড়তি সময় অপেক্ষা করানোর জন্য দুঃখ প্রকাশ করছি। তবে দর্শকদের এই অপেক্ষা বিফলে যাবে না। ছবি মুক্তির পর তাঁরা অপেক্ষার ভালো একটা ফল পাবেন ইনশাআল্লাহ।’
মৌসুমী এখন নিজের পরিচালিত নতুন ছবি ‘শূন্য হূদয়’ নিয়ে ব্যস্ত। মিম বিজ্ঞাপনচিত্র নিয়ে বেশি ব্যস্ত। চলছে ঈদের নাটকের কাজও। আর শুভ ব্যস্ত শিহাব শাহীন পরিচালিত ‘ছুঁয়ে দিলে মন’ ছবির কাজ নিয়ে। এ ছবিতে শুভর বিপরীতে অভিনয় করছেন মম।