মৌসুমীর গান
চলচ্চিত্রের অভিনয়শিল্পী হিসেবেই সবাই মৌসুমীকে চেনেন। কিন্তু মাঝে-মধ্যে শখের বশে গানও করেন তিনি। এবার তেমন একটি ঘটনাই ঘটেছে। স্যাটেলাইট টেলিভিশন এনটিভির বর্ষপূর্তি উপলক্ষে একটি গানে কণ্ঠ দিয়েছেন মৌসুমী। ‘চোখ ছুঁয়েছ, মনও ছোঁবে’ শিরোনামের এই গানটির কথা লিখেছেন জাহিদ আকবর। সুর ও সংগীত পরিচালনা করেছেন মাকসুদ জামিল মিন্টু। সম্প্রতি ড্রিম ডেস্ক স্টুডিওতে গানটির রেকর্ডিংয়ে অংশ নেন মৌসুমী।এ প্রসঙ্গে মকসুদ জামিল মিন্টু প্রথম আলো ডটকমকে বলেন, ‘এটা ঠিক যে মৌসুমী পেশাদার কণ্ঠশিল্পী নন। কিন্তু তাঁর গায়কি পেশাদার শিল্পীদের মতোই। অনেক ভালো গেয়েছেন মৌসুমী। গানের কথাটাও তাঁর কণ্ঠে বেশ মানিয়েছে।’জানা গেছে, এনটিভির বর্ষপূর্তির এই অনুষ্ঠানে আরও গান করবেন চলচ্চিত্র অভিনেত্রী দিতি, ঈশিতা, চাঁদনী প্রমুখ।উল্লেখ্য, মৌসুমী কয়েক মাস আগে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় নির্মিত ‘ছায়া-ছবি’ চলচ্চিত্রের একটি গানের কথাও লিখেছেন। আরফিন রুমীর সুর ও সংগীত পরিচালনায় ‘মন যা বলে বলুক’ শিরোনামের এই গানটি এরই মধ্যে শ্রোতাদের কাছে বেশ জনপ্রিয়তা লাভ করেছে।