মৌসুমীর নতুন মৌসুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্রের রুপালি জগতে ২০ বছর পার করার পরও মৌসুমী যেন আগের মতোই স্নিগ্ধ। সম্প্রতি রিয়ালিটি শো ‘পাওয়ার ভয়েস’-এর বিচারক হয়েছেন। ছোট পর্দায়ও তাঁকে দেখা যাচ্ছে ভালোভাবেই। সব মিলিয়ে শুরু হয়েছে নতুন মৌসুমীর অন্য রকম এক মৌসুম বসুন্ধরা সিটির দোতলায় একটি মেয়ে পোশাক দেখছেন। দেখছেন খুঁটিয়ে খুঁটিয়ে। এ সময় শপিং করতে আসা দুই তরুণীর চোখ চলে যায় তাঁর দিকে। একজন বলেন, ‘এই দেখ দেখ...মৌসুমী!’ অন্যজন বলেন, ‘দেখে মনে হচ্ছে ২০ বছরের তরুণী!’কথাগুলো মৌসুমীর কানে আসে। তিনি তরুণীদের দিকে তাকিয়ে একটু হাসেন। আবার ডুবে যান পোশাক দেখার কাজে।এখানে এত খুঁতখুঁতে চোখ নিয়ে কাপড় দেখছেন কেন মৌসুমী? কথা বলতে গেলেই রহস্য ভেদ হতে সময় লাগে না। ফ্যাশন হাউস ফ্রি জোন আসলে ওমর সানির। মেয়েদের পোশাক নিয়ে সম্প্রতি ফ্রি জোনের আরেকটি অংশের যাত্রা শুরু হলো বসুন্ধরা সিটির দোতলায়। এখানে মৌসুমী এসে দেখভাল করবেন না, তো করবে কে?এই যে তরুণী দুজন বললেন, মৌসুমীকে দেখতে ২০ বছরের তরুণীর মতো লাগছে, তার রহস্য কী? মৌসুমী তো অভিনয়ই করছেন ২০ বছরের বেশি সময় ধরে।প্রশ্ন শুনে মৌসুমী হাসেন। বলেন, ‘কোনো রহস্য নেই। আমি কাজকে ভালোবাসি। এ জন্য নিজের প্রতি সচেতন হয়েই জীবনকে এগিয়ে নিচ্ছি। গত ছয় মাসে ওজন কমিয়েছি ১২ কেজি।’তা হলে কি বয়স ধরে রাখতে খাওয়া-দাওয়া কমিয়ে দিয়েছেন? পাশেই পাতা সোফায় বসতে বসতে উত্তর দিলেন তিনি, ‘ঠিক তা-ও নয়। তবে নিয়ম করে খাওয়া-দাওয়া তো হয়ই। সানি, আমার সন্তান ফারদিন ও ফাইজা—সবাই এ ব্যাপারে খুবই সহযোগিতা করে। হতাশা নিয়ে জীবনকে এগিয়ে নেওয়া যায় না। এতে করে শারীরিক, মানসিক দুই দিকই ক্ষয় হয়।’ততক্ষণে প্রিয় তারকা অটোগ্রাফ-শিকারিদের খপ্পরে। একটু বিরতির পর আবারও কথোপকথন। ‘এই যে দেখলেন, ভক্তদের ভালোবাসা। এটা অর্জন করতে কিন্তু কম কষ্ট করতে হয়নি।’শুনি সেই কষ্টের কথা। ‘চলচ্চিত্রে কাজ করতে হলে ধৈর্য ও শ্রম দুই-ই লাগে। প্রথম যখন চলচ্চিত্রে আসি, তখন দু-একটি ছবিতে কাজের পর কষ্টের ভয়ে আমি পালিয়ে আসতে চেয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত ধৈর্য ধরে জায়গাটাকে ভালোবেসে কাজ করে গেছি।’মৌসুমীর মা তাঁকে প্রায়ই বলেন, ‘অনেক কষ্ট হয়েছে, আর না। বাসায় থাকো, বসে বসে গান শেখো। বছরে দু-একটি অ্যালবাম বের করবে আর মাঝেমধ্যে প্লেব্যাক করবে।’হ্যাঁ, মৌসুমী অভিনয়ের বাইরেও যে ছোটবেলা থেকে গানের চর্চা করছেন! মৌসুমী, গোলামসহ বেশ কয়েকটি চলচ্চিত্রের গানে প্লেব্যাক করেছেন জনপ্রিয় এই অভিনয়শিল্পী।এ নিয়ে মৌসুমী কী বলেন? ‘গান যিনি গাইতে পারেন, তাঁরই গাওয়া উচিত। আমি শুনতেই পছন্দ করি। ছোটবেলা থেকেই বুঝেছি, একজন গায়কের গলার সুর ও গায়কি অসাধারণ পর্যায়ে থাকা উচিত।’অভিনেত্রী মৌসুমীর কাজের সঙ্গে আরেকটি নতুন মাত্রা যোগ হয়েছে সম্প্রতি। সংগীতশিল্পী অন্বেষণে চ্যানেল নাইনের উদ্যোগে ‘পাওয়ার ভয়েস অব বাংলাদেশ’ নামে অনুষ্ঠানটির বিচারক হয়েছেন তিনি। বিচারক হিসেবে জায়গাটিতে নিজেকে কীভাবে দেখছেন? ‘আমি শিল্পী না হলেও গানের মূল জায়গাটা ধরতে পারি। আমার সঙ্গে আছেন গুণী সংগীতশিল্পী সুবীর নন্দী ও সংগীত পরিচালক ইমন সাহা। বিচারক হিসেবে কাজ করতে গিয়ে নানা অভিজ্ঞতা হচ্ছে। প্রতিযোগিতা চলাকালীন তাৎক্ষণিকভাবে পাণ্ডুলিপি লিখে প্রতিযোগীর সঙ্গে মঞ্চে অভিনয়ও করছি। খুবই উপভোগ করছি বিষয়টি।’ বললেন তিনি।চলচ্চিত্রের দর্শক মৌসুমীকে সেভাবে পাচ্ছেন না। মৌসুমী কি কমিয়ে দিচ্ছেন প্রিয় জায়গায় যাওয়াটা? একটু ভাবেন তিনি। তারপর বলেন, ‘দেখুন, আমি প্রায় পাঁচ বছর আগে চলচ্চিত্রে আর অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছিলাম। পরে চলচ্চিত্রের মানুষের অনুরোধে ফিরে আসি। এসেই প্রজাপতি, দেবদাস ও এক কাপ চা-এর মতো পছন্দের পাণ্ডুলিপি ও চরিত্র নির্বাচন করে কাজ করেছি। আর এ ধরনের কাজই আমি করতে আগ্রহী।’তা হলে কি এখন ভালো মানের ছবি নির্মাণ করা হচ্ছে না?মৌসুমী বললেন, ‘হ্যাঁ, হচ্ছে। শাকিবকে নিয়ে কিছু রোমান্টিক ছবি নির্মাণ করা হচ্ছে। সামাজিক সেন্টিমেন্টের ছবিও হচ্ছে। কিন্তু সংখ্যায় কম।’কেন? ‘অভিনয়শিল্পীর অভাব। প্রযোজকেরা হাতেগোনা দু-একজন ছাড়া অন্যদের নিয়ে কাজ করতে সাহস পাচ্ছেন না।’কিন্তু এর মধ্যে নতুন কিছু শিল্পীর আগমন ঘটেছে চলচ্চিত্রে। তাঁদের কী অবস্থা? ‘আমার মনে হয়েছে, নতুনদের অনেকেরই ধৈর্য কম। একটা বিজ্ঞাপনে দুই দিন কাজ করে যে অর্থ পাচ্ছেন, চলচ্চিত্রে এক মাস ধরে অভিনয় করে তা পাচ্ছেন। সুতরাং, চলচ্চিত্রের বেলায় ধৈর্য নিয়ে কাজ করতে আগ্রহী হচ্ছেন না অনেকেই। জায়গাটা ভালোবাসার। ধৈর্য ও ভালোবাসা দিয়েই কাজ করতে হবে।’চলচ্চিত্রের মৌসুমীকে ইদানীং ছোট পর্দায় বেশ সক্রিয় দেখা যাচ্ছে। তা হলে তিনিও কি চলচ্চিত্র ছেড়ে ছোট পর্দায় বেশি সময় দিচ্ছেন? কেন?মৌসুমী বললেন, ‘চলচ্চিত্রই আমার আসল জায়গা। আমি তো আগেই বলেছি, চলচ্চিত্রে আমি সঠিক জায়গা নিয়ে কাজ করতে চাই। সব সময় নয়, ছোট পর্দায় বিশেষ কোনো দিনকে ধরে কাজ করি। গত ঈদে আমার চলচ্চিত্র মুক্তি পেয়েছে, আমি ছোট পর্দায় কাজ করিনি। এবার ঈদকে ধরে স্বাধীন প্রডাকশনের ব্যানারে ক্যামেরাওয়ালা, ভালো আছি আমি, অতঃপর এক সন্ধ্যায় ও কাজলের অন্তর্ধান নামের চারটি নাটকে কাজ করছি।’ বললেন মৌসুমী।কথার ফাঁকে ফোন আসে, ডাবিংয়ে যেতে হবে। এই ঈদের নাটকেরই ডাবিং। ‘আজ উঠি’ বলেই ফোন রেখে উঠে দাঁড়ালেন মৌসুমী। তিনি চলে গেলে উৎসুক ভক্তদের ভিড়টাও ফিকে হয়ে আসে।