মৌসুমীর পর এবার ফেরদৌস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেরদৌস
ফেরদৌস

প্লাস্টিক হাউসহোল্ড, কাস্ট আয়রন, পিভিসি, ইলেকট্রনিকস ও ফার্নিচারসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান আরএফএলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন চিত্রনায়িকা মৌসুমী। এবার প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হলেন চিত্রনায়ক ফেরদৌস। এরই মধ্যে চুক্তি স্বাক্ষর করেছেন তিনি। চুক্তি অনুযায়ী তিনি আগামী এক বছর আরএফএলের বিভিন্ন পণ্যের প্রচারণা কার্যক্রমে অংশ নেবেন।
ফেরদৌস বলেন, ‘আরএফএলের সব পণ্য বাংলাদেশের সব জায়গাতে ব্যাপক জনপ্রিয়। দেশের এমন একটি ব্র্যান্ডের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। আমি চেষ্টা করব, আরএফএল ব্র্যান্ডের গুরুত্ব সবার মাঝে পৌঁছে দিতে, যাতে করে এর পণ্যগুলো ব্যবহারে সবাই উৎসাহিত হয়। সামনে আরএফএলের ছয়টি বিজ্ঞাপনচিত্রে অংশ নেব আমি। পাশাপাশি বিভিন্ন ক্যাম্পেইনেও যুক্ত থাকব।’
রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার রাশেদুর রহমান বলেন, ‘বাংলাদেশের চলচ্চিত্রে চিত্রনায়ক ফেরদৌসের অসামান্য ভূমিকা রয়েছে। গ্রাম-শহর সব অঞ্চলের সব শ্রেণির দর্শকের কাছে তিনি একজন অত্যন্ত জনপ্রিয় নায়ক। ফেরদৌসকে আরএফএলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের প্রত্যাশা, আরএফএলের শিল্প ও কৃষিপণ্য সবার কাছে জনপ্রিয় করতে তিনি বিশেষ ভূমিকা রাখবেন।’
উল্লেখ্য, ১৯৯৭ সালে ছটকু আহমেদ পরিচালিত বুকের ভিতর আগুন ছবির মাধ্যমে ফেরদৌসের চলচ্চিত্র অভিষেক হয়। পরের বছর কলকাতার খ্যাতিমান চলচ্চিত্রকার বাসু চ্যাটার্জি পরিচালিত হঠাৎ বৃষ্টি ছবিতে অভিনয়ের মাধ্যমে দুই বাংলায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন ফেরদৌস। তিনি মিট্টি নামে একটি বলিউডের ছবিতেও অভিনয় করেছেন। দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন ফেরদৌস। তাঁর অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে হঠাৎ বৃষ্টি, চুপিচুপি, প্রেমের জ্বালা, বউ-শাশুড়ির যুদ্ধ, চন্দ্রকথা, ফুলের মতো বউ ইত্যাদি।