মৌসুমীর মৌসুম
স্কুল কিংবা কলেজে পড়ার সময় মেয়েটি একবারও ভাবেননি, একদিন তিনি টিভি নাটকে অভিনয় করবেন। তাঁর অভিনয় দেখে অনেকেই প্রশংসা করবে। অভিনয়ের জন্য কোনো প্রস্তুতি কিংবা পরিকল্পনা ছিল না। অনেকটা হঠাৎ করেই ক্যামেরার সামনে এসে দাঁড়ালেন মৌসুমী বিশ্বাস। এরপর খুব বেশি দিন তাঁকে অপেক্ষা করতে হয়নি। পুরোনোদের ভিড়ে মাত্র অল্প দিনেই নিজের জন্য জায়গা করে নিয়েছেন।অভিনয়জীবনের শুরুর দিকের গল্পটা মৌসুমীর কাছ থেকেই শোনা যাক, ‘ভারতেশ্বরী হোমস থেকে এইচএসসি পরীক্ষা দেওয়ার কদিন পরই আমার বিয়ে হয়ে যায়। আলোচনা শুরু হওয়া থেকে বিয়ে পর্যন্ত সময় লেগেছিল মাত্র সাত দিন। যাত্রার বরেণ্য শিল্পী প্রয়াত অমলেন্দু বিশ্বাসের ছেলে মিঠু বিশ্বাসের সঙ্গে আমার বিয়ে হয়। শ্বশুরকে আমি দেখিনি। কিন্তু তাঁর নাম অনেক শুনেছি। আমার শাশুড়িও আরেক বরেণ্য শিল্পী, জ্যোৎস্না বিশ্বাস। টিভি ও সিনেমা দেখে তাঁর মেয়ে অরুণা বিশ্বাসকে চিনতাম। বিয়ের পর স্বামীর সঙ্গে চলে যাই কানাডায়। চার বছর পর দেশে ফিরে আসি। আরটিভির জন্য একটি ধারাবাহিক নাটক তৈরি করবেন অরুণাদি। নাম সুরে আঁকা ছবি। হঠাৎ তিনি এসে আমাকে অভিনয়ের প্রস্তাব দিলেন। হুমায়ুন ফরীদি, আগুন ও মিমের সঙ্গে আমাকে অভিনয় করতে হবে। শুনে তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। কীভাবে যেন কাজটা করা হয়ে গেল। সময়টা ছিল ২০০৫ সাল।’এরপর নিজেদের পারিবারিক প্রযোজনা প্রতিষ্ঠান যাত্রাভিশন থেকে কয়েকটি ধারাবাহিকে কাজ করলেন মৌসুমী। এর মধ্যে উল্লেখযোগ্য হলো মিঠু বিশ্বাসের পরিচালনায় আনন্দ সংবাদ, অরুণা বিশ্বাস ও মিঠু বিশ্বাসের যৌথ পরিচালনায় বড়দিদি। রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে তাঁর ‘দৃষ্টিদান’ গল্প নিয়ে একই বছর চারটি নাটক তৈরি হয়। মৌসুমী জানালেন, নাটক চারটিতে তাঁর অভিনয় তখন খুব প্রশংসিত হয়েছিল।দেশের শীর্ষস্থানীয় একটি মুঠোফোন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছিলেন মৌসুমী। অমিতাভ রেজার বানানো ওই বিজ্ঞাপনচিত্রটি প্রচারিত হয় ২০০৮ সালে। এটিও তাঁকে বেশ পরিচিতি এনে দেয়।কাছাকাছি সময় প্রচারিত নূপুর ও তোমার দোয়ায় ভালো আছি মা তাঁকে অভিনয়শিল্পী হিসেবে প্রতিষ্ঠা পেতে সাহায্য করে।মৌসুমী বললেন, ‘নূপুর নাটকে আমি ছিলাম একজন নর্তকী। আগে কখনো নাচ শিখিনি। এই ধারাবাহিকে কাজ করার আগে প্রায় ছয় মাস নাচের ওপর প্রশিক্ষণ নিয়েছি।’এখন টিভিতে মৌসুমী অভিনীত কয়েকটি ধারাবাহিক দেখানো হচ্ছে। এ সপ্তাহে শেষ হলো বিপাশা হায়াতের লেখা ও তৌকীর আহমেদের পরিচালনায় চন্দ্রমগ্ন। স্বামীর কাছ থেকে প্রতারিত একটি মেয়ে বাধ্য হয়ে অন্ধকার জগৎকে বেছে নেয়। আর শেষ দৃশ্যে সে আত্মহত্যা করে। মৌসুমী বললেন, ‘এই চরিত্রটির জন্য তৌকীর ও বিপাশা হায়াতের কাছে আমি কৃতজ্ঞ। এখানে অভিনয় করার, বলতে পারেন নিজেকে প্রমাণ করার যথেষ্ট সুযোগ পেয়েছি।’এ ছাড়া কাচের পুতুল নাটকের নায়লা, মাহফুজ আহমেদের চৈতা পাগল নাটকে নাপিতের বিধবা মেয়ে এবং বদরুল আনাম সৌদের উপসংহার নাটকে একজন লোভী স্ত্রীর চরিত্রগুলো তাঁর কাছে গুরুত্বপূর্ণ। ইদানীং দুটি ধারাবাহিকের নাম ভূমিকায় অভিনয় করছেন মৌসুমী। জানালেন, নাটকগুলো হলো নন্দিনী ও মাধবী ভিলা। দুটিই টিভিতে দেখানো হচ্ছে।সামনে তাঁর যে নাটকগুলো আসছে, তার মধ্যে দেবাশীষ বড়ুয়ার ঘটক বাকী ভাই প্রা. লি. নাটকে তিনি অভিনয় করছেন দ্বৈত চরিত্রে, আর মাতিয়া বানু শুকুর ও চাঁদ নাটকে বিভিন্ন দোকানে তৈরি পোশাক সরবরাহ করেন।গত শনিবার সন্ধ্যায় মৌসুমীর বাসায় যখন কথা হচ্ছিল, তখন তাঁর মুঠোফোনটি বেজে ওঠে। কথা শেষ করে বললেন, ‘মিঠু ফোন করেছে। ও এখন কানাডার টরন্টোতে। ডিসেম্বরে হয়তো ফিরবে।’মৌসুমী জানালেন, তাঁদের এক ছেলে, নাম পৃথিবী। সে এখন স্কুলে পড়ছে।এখন যে ধারাবাহিকগুলো দেখানো হচ্ছে আর যেগুলো আগামী দু-এক মাসের মধ্যে আসবে, সব কটি তাঁকে দর্শকদের আরও কাছাকাছি পৌঁছে দেবে। সেই স্বপ্নই দেখছেন তিনি। জানালেন মৌসুমী।