পাশের ছবিটি থিয়েটার ও নাগরিক নাট্যসম্প্রদায়ের যৌথ প্রযোজনা ম্যাকবেথ নাটকের। শেকসপিয়ারের লেখা থেকে এটি নাট্যরূপ দিয়েছেন সৈয়দ শামসুল হক। নির্দেশনায় ছিলেন যুক্তরাজ্যের নির্দেশক ক্রিস্টোফার স্যানফোর্ড।ছবিতে আলী যাকের ও ফেরদৌসী মজুমদারকে দেখা যাচ্ছে। এখানে আলী যাকের ম্যাকবেথ আর ফেরদৌসী মজুমদার হলেন লেডি ম্যাকবেথ। নাটকটি মঞ্চে আসার সময়কার স্মৃতির কথা বলতে গিয়ে আলী যাকের বলেন, ‘দীর্ঘদিন থেকেই আমরা আলোচনা করছিলাম, দুই দল মিলে একটা নাটক মঞ্চে আনা যায় কি না। সে সময় প্রতিবছর ব্রিটিশ কাউন্সিল যুক্তরাজ্য থেকে নাটকের শিক্ষক এনে আমাদের এখানে ব্রিটিশ কাউন্সিলে নাট্য কর্মশালার আয়োজন করত। আইটিআইয়ের উদ্যোগে ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় কাজটি আমরা করি। এর আগে নাটকটিতে অভিনয়ের জন্য আমাদের সবাইকে ক্রিস্টোফার স্যানফোর্ড অডিশন নিয়েছিলেন।’আলী যাকের বলেন, ‘নাটকটি মঞ্চে ওঠার আগে প্রায় পাঁচ সপ্তাহ রিহার্সেল করেছিলাম। প্রথম মঞ্চায়ন থেকে শুরু করে সবগুলো মঞ্চায়নই ব্রিটিশ কাউন্সিলে হয়েছিল।’আলী যাকের বলেন, ‘সে সময় নাটকটির প্রায় ৩০টি প্রদর্শনী হয়েছিল। সব কটা প্রদর্শনীতেই মিলনায়তন দর্শকে পূর্ণ হয়েছিল। আমরা নাটকটি নিয়ে কলকাতায় নান্দিকারের নাট্যোৎসবেও যোগ দিয়েছিলাম। নাটকটি নিয়ে আরও অনেক দূর যেতে পারতাম। কিন্তু দুই দলের নাট্যকর্মী নিয়ে নাটকটি তৈরি হয়েছিল বলে নাট্যকর্মীদের সমন্বয় সব সময় করা যেত না। তাই বেশি প্রদর্শনীও করা সম্ভব হয়নি।’১৯৮২ সালের শুরুর দিকে প্রথম নাটকটি মঞ্চে আসে।নাটকটিতে আরও অভিনয় করেছিলেন আতাউর রহমান, সারা যাকের, লাকী ইনাম, নীমা রহমান, তারিক আনাম খান, রেখা আহমেদ, খায়রুল আলম সবুজ প্রমুখ।