
‘যান্ত্রিক কারণে প্রদর্শনী শুরু হতে একটু দেরি হওয়ায় আমরা দুঃখিত। ভেতরে যাওয়ার আগে একটা অনুরোধ, মোবাইলটা সাইলেন্ট রাখুন।’—জাতীয় নাট্যশালা মিলনায়তনের প্রবেশপথে দাঁড়িয়ে দর্শকদের উদ্দেশে বললেন একজন নাট্যকর্মী। করিডরে তখন মানুষের দীর্ঘ সারি। অপেক্ষায় কেটেছে অনেকটা সময়। একজন তো বলেই ফেললেন, ‘ভাই, মোবাইল সাইলেন্ট রাখব। তাড়াতাড়ি ভেতরে বসতে দিন, পা ব্যথা হয়ে গেল!’
নাটক শুরু হওয়ার আগেই দর্শক সারির প্রতিটি আসন পূর্ণ। সেন্টার ফর এশিয়ান থিয়েটারের (সিএটি) নতুন নাটক ম্যাকাব্রের উদ্বোধনী প্রদর্শনী হলো গতকাল নাট্যশালার মূল মিলনায়তনে। আনিকা মাহিন রচিত ও কামালউদ্দিন নীলু নির্দেশিত এ নাটক সিএটির ২১তম প্রযোজনা।
দর্শকদের অপেক্ষার সময়টা একটু কষ্টের হলেও তা বিরক্তির পর্যায়ে পৌঁছায়নি করিডরে নান্দনিক স্থাপনাশিল্পের প্রদর্শনীর কারণে। মূলত মঞ্চের নাটকের ডিজাইনের সঙ্গে মিল রেখে আয়না, মানব কঙ্কাল, পানিতে ভেসে বেড়ানো তাজা মাছসহ নানা অনুষঙ্গ দিয়ে সাজানো স্থাপনাশিল্পগুলো দর্শকদের আনন্দ দিয়েছে। নাট্য প্রদর্শনীটি উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের।
ভেতরে ঢুকেই আলো-ছায়ার খেলা দেখতে পেল দর্শক। কারও বুঝতে বাকি রইল না, এটি প্রথার বাইরে নাট্য পরিবেশনা; যেখানে ব্যবহৃত হচ্ছে বিভিন্ন ধরনের প্রযুক্তি। বাচিক কিংবা আঙ্গিক অভিনয়ের পাশাপাশি দর্শক মুগ্ধ হয়ে দেখল ভিডিওগ্রাফি, মাল্টিস্ক্রিন প্রজেকশন টেকনোলজিসহ ত্রিমাত্রিক প্রজেকশন, অ্যানিমেশন, স্থাপনাশিল্প। আর নাটকের গল্পটি মানুষের গভীরে থাকা মুক্তির আকাঙ্ক্ষার। যেখানে দেখা গেল মানুষের বন্দিদশার চিত্র। বর্তমান বিশ্বের রাজনীতির ভেতরে গেঁথে থাকা চলমান সহিংসতা ও মানুষের অসহায়তার চিত্রও ছিল নাটকে।
নাটকটি দর্শকের সামনে তুলে ধরার জন্য মঞ্চে বিভিন্ন সময়ে ছিলেন সেতু আজাদ, মেহমুদ সিদ্দিকী, মেসবাউল করিম, বাপ্পি আমিন, সুপ্রিয়া দাস, আনিকা মাহিন, চন্দ্র বর্মণ, মুনা মর্জিনা, হোসেন ইসমাইল। দর্শক সারিতে উপস্থিত ছিলেন সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, মফিদুল হক, আতাউর রহমান, নাসির উদ্দীন ইউসুফ, হাসান আরিফ, কবি স্থপতি রবিউল হুসাইন, শামসুল ওয়ারেস, আবৃত্তিকার ভাস্বর বন্দ্যোপাধ্যায়, শর্মিলা বন্দ্যোপাধ্যায়, শিল্পী ঢালী আল মামুন, দিলারা বেগম জলি, শিশির ভট্টাচার্য্যসহ সংস্কৃতি অঙ্গনের প্রতিষ্ঠিতজনেরা।