ম্যাগাজিন অনুষ্ঠান করবেন আফজাল
‘আমরা যা দেখি, তার বাইরের কিছু—যা দর্শকদের ভাবনার সুযোগ তৈরি করে দেবে। জনপ্রিয় কিছু করার ইচ্ছে নেই, আমি চাই একটা ভালো মানের অনুষ্ঠান দর্শকদের উপহার দিতে।’ বললেন আফজাল হোসেন। এবার তিনি ম্যাগাজিন অনুষ্ঠান তৈরি করবেন। তবে ঈদের জন্য নয়, এর কাজ শুরু হবে ঈদের পর। এখন পরিকল্পনাগুলো চূড়ান্ত করছেন। ব্যাংকক থেকে দেশে ফেরার পর এভাবেই নিজের পরিকল্পনার কথা জানালেন তিনি। গত বৃহস্পতিবার তিনি দেশে ফিরেছেন।আফজাল জানান, সম্প্রতি তিনি ব্যাংককে বেড়াতে গিয়েছিলেন। বেড়ানোর ফাঁকে শারীরিক কিছু পরীক্ষা করার জন্য গিয়েছিলেন হাসপাতালে। সেখানে তাঁর হূদযন্ত্রের ধমনিতে একটি ব্লক ধরা পড়ে। চিকিৎসক তাতে রিং পরানোর পরামর্শ দেন।আফজাল আরও বলেন, ‘এটা তেমন গুরুতর কিছু নয়। রিং পরানোর দুদিন পরই আমাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। দেশে ফেরার পর বাসায় একটু বিশ্রাম নিচ্ছি। শিগগিরই আবার কাজ শুরু করব।’আশির দশকে বিটিভিতে টানা এক বছর আপন প্রিয় নামের ম্যাগাজিন অনুষ্ঠান উপস্থাপনা করেছিলেন আফজাল। অনুষ্ঠানটি তখন দারুণ জনপ্রিয় হয়েছিল।