ম্যাগাজিন প্রচ্ছদে একঘেয়ে ক্যাটরিনা!
‘আবেদনময়ী’ তকমা পাওয়া যে কয়েকজন বলিউডের অভিনেত্রী রয়েছেন, তাঁদের একজন ক্যাটরিনা কাইফ। অথচ এই ক্যাটরিনাই নাকি জানেন না ম্যাগাজিন প্রচ্ছদের জন্য কীভাবে ক্যামেরার সামনে দাঁড়াতে হয়। সম্প্রতি ক্যাটরিনা সম্পর্কে এমন চমকপ্রদ মন্তব্যই করেছেন বলিউডের চিত্র নির্মাতা ও প্রযোজক করণ জোহর। শুধু তাই নয়, ম্যাগাজিন প্রচ্ছদে ক্যাটরিনার ছবিকে একঘেয়ে বলেও মন্তব্য ছুড়েছেন তিনি।ম্যাগাজিন প্রচ্ছদের জন্য ছবি তোলার ক্ষেত্রে ক্যাটরিনার অদক্ষতা বিষয়ে সম্প্রতি একটি পার্টিতে তাঁকে নিয়ে বিদ্রুপ করেছেন করণ জোহর। ক্যাটরিনা সম্পর্কে তিনি বলেছেন, ‘ম্যাগাজিন প্রচ্ছদে খুবই একঘেয়ে ক্যাটরিনা। সব ম্যাগাজিনে প্রায় একই রকমভাবে নিজেকে উপস্থাপন করেন তিনি।’ মজা করে ক্যাটরিনাকে নকল করেও দেখিয়েছেন করণ। এক খবরে এমনটিই জানিয়েছে ‘হিন্দুস্তান টাইমস’। ক্যাটরিনাকে নিয়ে করণের এই পর্যবেক্ষণ পুরোপুরি ভুল বলা যায় না। কারণ বরাবরই ম্যাগাজিন প্রচ্ছদে ছবি তোলার সময় খুব বেশি ঝুঁকি নিতে দেখা যায়নি ২৭ বছর বয়সী এই অভিনেত্রীকে। প্রায় একই ধরনের মুখভঙ্গি, চুলের স্টাইল ও পোশাকে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি।