ম্যাডোনার অশোভন আচরণ!
লাইফ অব পাই’ ছবির জন্য এ বছর সেরা নির্মাতা হিসেবে অস্কার পেয়েছেন তাইওয়ানিজ বংশোদ্ভূত মার্কিন চলচ্চিত্র নির্মাতা অ্যাং লি। গত সপ্তাহে অনুষ্ঠিত ৮৫তম অস্কার আসরের একদিন আগে বেভারলি হিলসের গ্রেস্টোন ম্যানশনে আয়োজিত প্রি-অস্কার পার্টিতে অ্যাং লি’র সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে ‘পপ কুইন’খ্যাত ম্যাডোনার বিরুদ্ধে। তারা ঝলমলে ওই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন জেনিফার অ্যানিস্টন, লিওনার্দো ডি ক্যাপ্রিও, ব্র্যাডলি কুপারসহ নামি-দামি অনেক তারকা। সেদিন ম্যাডোনার মেজাজ খুবই বিগড়ে ছিল। তিনি প্রায় সবার সঙ্গেই বাজে আচরণ করেছেন। বিশেষ করে অ্যাং লি’র সঙ্গে ম্যাডোনার লাগামহীন অশোভন আচরণ দেখে বিস্ময়ে হতবাক হয়ে যান সেখানে উপস্থিত সবাই। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ‘ব্যাং শোবিজ’।এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ম্যাডোনা সেদিন খুবই অস্বাভাবিক আচরণ করেছেন। অনুষ্ঠানের এক পর্যায়ে তাঁর সঙ্গে পরিচিত হন অ্যাং লি। তিনি পরিচয় পর্ব শেষে কথোপকথন শুরু করতে গেলে ম্যাডোনা বলে ওঠেন, ‘আপনার সঙ্গে কথা বলতে আগ্রহ বোধ করছি না’। সূত্রটি আরও জানিয়েছে, ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে না গিয়ে ৫৮ বছর বয়সী অ্যাং লি আবার ম্যাডোনার সঙ্গে কথা বলার চেষ্টা করেন। কিন্তু তাঁকে মোটেও পাত্তা দেননি ম্যাডোনা। বরং উলটো ঘুরে তাঁকে পাশ কাটিয়ে চরম অসৌজন্যমূলক আচরণ দেখান ৫৪ বছর বয়সী এ মার্কিন গায়িকা।