ম্যাডোনার নতুন প্রেমিক টিম স্টিফেনস!

সাবেক প্রেমিক নৃত্যশিল্পী ব্রাহিম জেইবাটের সঙ্গে ‘পপ সম্রাজ্ঞী’ ম্যাডোনার বয়সের ব্যবধান ছিল ৩০ বছরের। টানা তিন বছর চুটিয়ে প্রেম করার পর গত ডিসেম্বরে ব্রাহিমের সঙ্গে সম্পর্কের ইতি টানেন ৫৫ বছর বয়সী ম্যাডোনা। এবার তাঁর নতুন প্রেমিক হিসেবে শোনা যাচ্ছে আরেক নৃত্যশিল্পী টিম স্টিফেনসের নাম। নেদারল্যান্ডসের অধিবাসী টিমের বয়স ২৬ বছর।
ম্যাডোনা ও টিমের সখ্যের খবর প্রথম চাউর হয় চলতি বছরের জানুয়ারি মাসে। তখন ঘন ঘন অভিসারে মেতে ওঠায় খবরের শিরোনামে উঠে আসে অসমবয়সী এ জুটির নাম। কিন্তু তাঁদের প্রেমের খবরকে স্রেফ গুজব বলেই উড়িয়ে দেন ‘ম্যাটেরিয়াল গার্ল’ তারকা ম্যাডোনার মুখপাত্র।
সম্প্রতি ম্যাডোনা ও টিমকে নিউইয়র্কে একসঙ্গে দেখা যাওয়ার পর ফের এ জুটির প্রেমের গুঞ্জন ডালপালা মেলতে শুরু করেছে। সম্প্রতি নতুন মিউজিক্যাল ব্রডওয়ে ‘হোলার ইফ ইয়া হিয়ার মি’ উপভোগ করে একসঙ্গে বের হওয়ার সময় সবার নজরে আসেন তাঁরা। মূলত এর পর থেকেই তাঁদের প্রেমের জোর গুঞ্জন উঠেছে। এক খবরে এমনটিই জানিয়েছে ইঅনলাইন ডটকম।
টিমের সঙ্গে ম্যাডোনার সখ্যের বিষয়ে ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি, এই জুটির প্রথম সাক্ষাৎ হয়েছিল সুইজারল্যান্ডে। ফ্যাশন ডিজাইনার ভ্যালেন্টিনোর বাড়িতে প্রথম সাক্ষাতের পর থেকেই তাঁদের মধ্যে সখ্য গড়ে ওঠে।