
‘কালো কালো মানুষের দেশে ওই কালো মাটিতে...’ শীতের সন্ধ্যায় গানটি গাওয়া হয়েছিল কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে। অস্থায়ী মঞ্চে তখন ছিল নেলসন ম্যান্ডেলার বিশাল প্রতিকৃতি। সামনে ফুল ও প্রজ্বলিত প্রদীপ।
নেলসন ম্যান্ডেলার প্রায় এক শতাব্দীর জীবন। পুরোটাই কেটেছে মানবতার মুক্তির সংগ্রামে। গত ৬ ডিসেম্বর তিনি চলে গিয়েছেন অন্যলোকে। তাঁর মহাপ্রয়াণে বিশ্বজুড়ে নেমে আসে শোকের ছায়া। বাংলাদেশও পালন করে তিন দিনের রাষ্ট্রীয় শোক। গতকাল এর শেষ দিন নেলসন ম্যান্ডেলার প্রতি শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান আয়োজন করে গণসংগীত সমন্বয় পরিষদ।
গতকাল সোমবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে আয়োজিত এ অনুষ্ঠানের শুরুতেই সমন্বয় পরিষদের বিভিন্ন সংগঠনের শিল্পীরা গেয়ে শোনান ‘ম্যান্ডেলা, নেলসন ম্যান্ডেলা, জয় জয়তু ম্যান্ডেলা’ গানটি। এরপর এক মিনিট নীরবতা পালন করা হয়। নীরবতা পালন শেষে শহীদ মিনারের অস্থায়ী বেদিতে নেলসন ম্যান্ডেলার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে গণসংগীত সমন্বয় পরিষদ, পথনাটক পরিষদ, গ্রুপ থিয়েটার ফেডারেশন, ঋষিজ, আনন্দন, বহ্নিশিখা, স্বভূমি লেখক-শিল্পী কেন্দ্র, উদীচী, আরণ্যক, জাসদ ছাত্রলীগ, স্বাধিকার, কণ্ঠশীলন, মৈত্রী থিয়েটার ও শিশু দল, ক্রান্তি, পদক্ষেপ বাংলাদেশ, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, আবৃত্তি সমন্বয় পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
অনুষ্ঠানে আলোচনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ, সাধারণ সম্পাদক হাসান আরিফ, নাট্যজন মামুনুর রশীদ, মুহম্মদ সামাদ, মিজানুর রহমান প্রমুখ। সভাপতিত্ব করেন সমন্বয় পরিষদের সভাপতি ফকির আলমগীর। সঞ্চালনা করেন মানজার চৌধুরী। ফকির আলমগীর গেয়ে শোনান ‘তুমি দিয়ে গেলে আলো, ছুঁয়ে গেল প্রাণ’ ও ‘কালো কালো মানুষের দেশে’ গান দুটি। অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি করেন মুহম্মদ সামাদ। আবৃত্তি করেন বাকশিল্পী রফিকুল ইসলাম ও মাসকুর-এ-সাত্তার।