ময়মনসিংহে আজ থেকে ‘রবীন্দ্রমেলা’
‘১৯২৬ সালের ১৫ ফেব্রুয়ারি রবীন্দ্রনাথ ঠাকুর চার দিনের কর্মসূচি নিয়ে ময়মনসিংহ শহরে এসেছিলেন। দিনের সব কর্মসূচি শেষে কবিগুরু স্থানীয় টিচার্স ট্রেনিং কলেজের আলেকজান্ডার ক্যাসলে রাত্রী যাপন করতেন। পাশের বটগাছতলায় বিশ্রাম নিতেন। এই জায়গাটির নাম এখন রবীন্দ্র প্রাঙ্গণ। সেই দিনগুলোকে স্মরণীয় করে রাখার জন্য রবীন্দ্র প্রাঙ্গণে এবার আয়োজন করা হয়েছে রবীন্দ্রমেলা।’ বললেন এই মেলার প্রস্তুতি কমিটির সমন্বয়ক আফজাল রহমান।আজ থেকে ময়মনসিংহে টিচার্স ট্রেনিং কলেজের রবীন্দ্র প্রাঙ্গণে শুরু হচ্ছে তিন দিনের রবীন্দ্রমেলা। আফজাল রহমান আরও বলেন, ‘প্রায় ৪০ বছর ধরে এই দিনটিকে ছোট আকারে কিছু অনুষ্ঠানের মাধ্যমে আমরা স্মরণ করেছি। এবার বড় আকারে আয়োজন করেছি। এখন থেকে প্রতিবছর যাতে পুরো তিন দিনই এই আয়োজন করা সম্ভব হয়, সেই পরিকল্পনা নেওয়া হয়েছে।’জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা, রবীন্দ্র পর্ষদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ ১৮টি সংগঠন যোগ দিচ্ছে এবারের মেলায়। এ মেলায় বিভিন্ন আয়োজনের মধ্যে থাকছে রবীন্দ্র-ভাস্কর্য উন্মোচন, আলোচনা অনুষ্ঠান, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বইমেলা, রবীন্দ্র গীতিনাট্য ও রবীন্দ্র চলচ্চিত্রের প্রদর্শনী। আজ বিকেল চারটায় মেলা উদ্বোধন করা হবে।