ময়মনসিংহে মূকাভিনয় উৎসব

ময়মনসিংহে অনুষ্ঠিত হলো প্রথম মূকাভিনয় উৎসব। ২২ নভেম্বর জেলা শিল্পকলা একাডেমীতে এক দিনের এই উৎসব দেখে মুগ্ধ হয়েছেন দর্শকেরা। ওই দিন সন্ধ্যা সাড়ে ছয়টায় নজরুলসংগীত ‘অঞ্জলি লহ মোর’ গানের সঙ্গে নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় উৎসব। এরপর ছিল মূকাভিনয়। শুরুতে মূকাভিনয় করেছে ঢাকা থেকে আসা মাইম আর্ট। নিথর মাহবুবের গ্রন্থনা ও পরিকল্পনায় ছয়টি খণ্ড মূকাভিনয় পরিবেশন করে মাইম আর্ট।
উৎসবে আরও মূকাভিনয় করেছে মুক্তমঞ্চ নির্বাক দল (গাজীপুর), বাংলাদেশ মাইম থিয়েটার (ময়মনসিংহ) আর উৎসবের আয়োজক সংগঠন শান্তি মিত্র মাইম দল।
সন্ধ্যা ছয়টায় উৎসবের উদ্বোধনী আয়োজনে অংশ নেন শান্তি মিত্র সমাজকল্যাণ সংস্থার সভাপতি রাজন বীন, প্রধান অতিথি ময়মনসিংহ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হারুনু অর-রশীদ, বিশেষ অতিথি ময়মনসিংহ বহুরূপী নাট্য সংস্থার সচিব শাহাদাৎ হোসেন খান, ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আফজালুর রহমান, আনোয়ারা সুলতানা, শান্তি মিত্র ও সুবর্ণা পলি দ্রং।