ময়মনসিংহেও দর্শকখরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>এবারের ঈদে দেশব্যাপী মুক্তি পেয়েছে তিনটি চলচ্চিত্র—শাকিব খান ও বুবলী অভিনীত বসগিরি ও শু৵টার এবং পরীমনি ও রোশান অভিনীত রক্ত। দেশের বিভিন্ন বিভাগের একাধিক প্রেক্ষাগৃহ ঘুরে জানা গেছে নতুন ছবিগুলোর হাল। আজ যশোর ও ময়মনসিংহ কয়েকটি প্রেক্ষাগৃহের ঈদের ছবি নিয়ে থাকছে প্রতিবেদন

ময়মনসিংহ শহরের তিনটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ঈদের তিনটি ছবি। কিন্তু প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ বলছে, দর্শক নেই পর্যাপ্ত। এতে লোকসান না হলেও লাভের খাতায় খুব বেশি কিছু যোগ হচ্ছে না। দেশীয় চলচ্চিত্রের বর্তমান অবস্থা মেনে নিয়ে হল কর্তৃপক্ষের মধ্যে এ নিয়ে তেমন হতাশাও নেই।

গত শনিবার সন্ধ্যায় ময়মনসিংহের সেনানিবাস অডিটরিয়াম, পূরবী ও ছায়াবাণী প্রেক্ষাগৃহে গিয়ে কথা হয় প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের সঙ্গে। তারা জানায়, পবিত্র ঈদুল ফিতরে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার দুটি চলচ্চিত্র ব্যবসাসফল হওয়ায় ভেবেছিল এবারও তিনটি চলচ্চিত্রই ভালো ব্যবসা করবে। কিন্তু তেমনটি হয়নি।

ছায়াবাণীতে চলছে রক্ত। সন্ধ্যাকালীন প্রদর্শনীর বিরতিতে কথা হয় কয়েকজন দর্শকের সঙ্গে। জনি মিয়া নামের এক তরুণ দর্শক বলেন, নায়ক (রোশান) একেবারে নতুন হওয়ায় তাঁকে দেখে মন ভরছে না। তাঁর আরও কয়েকটা ছবি যদি আগে দেখা থাকত, তাহলে হয়তো ভালো হতো। প্রেক্ষাগৃহ মালিকপক্ষের প্রতিনিধি রানা বলেন, হলের আসন ৭৫০টি। ঈদের দুই দিন পর থেকে গড়ে প্রতি প্রদর্শনীতে ২৫০ জন দর্শক হচ্ছেন।

পূরবীতে চলছে বসগিরি। গত ঈদের ছবি শিকারি হল কর্তৃপক্ষকে আশা দেখিয়েছিল। কিন্তু বসগিরিতে আশানুরূপ দর্শক আসছেন না। ঈদের দিন আর পরদিন সন্ধ্যাকালীন প্রদর্শনীতে শুধু শো ‘হাউসফুল’ গেছে। এরপর থেকেই দর্শকসংখ্যা কমে আসে।

সেনানিবাস অডিটরিয়ামে চলছে এবারের ঈদের আরেকটি ছবি শু৵টার। সেনাবাহিনীর কাছ থেকে হলটি ভাড়ায় চালান মো. কাউছার আহমদ। শনিবার সন্ধ্যায় তিনি বলেন, ঈদের দিন থেকে কোনো শো-ই হাউসফুল হয়নি। ব্যবসা মোটেও ভালো না। কাউছার জানান, শনিবার সন্ধ্যাকালীন প্রদর্শনীতে দর্শক ছিলেন মাত্র ১৩১ জন। হলের আসন ১ হাজার ৫০০টি।

২০০২ সালের ৭ ডিসেম্বর ঈদের পরদিন ময়মনসিংহের পূরবী, ছায়াবাণী, অজন্তা ও অলকা প্রেক্ষাগৃহে প্রদর্শনী চলাকালে একযোগে বোমা হামলার ভয়াবহ ঘটনা ঘটে। এই ভীতি দীর্ঘদিন দর্শক ও হলমালিকদের তাড়া করে। এরপর আবার চারটি হল চালু হলেও কয়েক বছরের মধ্যে বন্ধ হয়ে যায় অলকা ও অজন্তা।