
খেলার ছলেই অশ্বমেধযজ্ঞের ঘোড়াটিকে বেঁধে রেখেছিল রামের যমজ পুত্র লব আর কুশ। ঘোড়ার খোঁজে এসে অযোধ্যার রাজা রামের লড়াই বেধে যায় দুই পুত্রের সঙ্গে। তখনো তিনি জানতেন না যে লব আর কুশ তাঁর নিজের পুত্র। রামায়ণের এই কাহিনি জানা আছে যাঁদের, নৃত্যনাট্য যক্ষগান তাঁদের আনন্দ দেবে। কারণ দক্ষিণ ভারতীয় এই নৃত্যনাট্যে সাহিত্য, নাচ, গান, সংলাপ, নাটক সবই আছে। কুশীলবেরা শিরস্ত্রাণ আর জবরজং পোশাকে নেচেগেয়ে মঞ্চে এ গল্প তুলে ধরেন।
ভারতের কর্ণাটক অঞ্চল থেকে এ রকমই এক যক্ষগানের দল এসেছে বাংলাদেশে। তাদের পরিবেশনা মুগ্ধ করে আগত দর্শক-শ্রোতাদের। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ভারতীয় দূতাবাসের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের উদ্যোগে জাতীয় জাদুঘরে দেখানো হয় এই নৃত্যনাট্য। মঙ্গলদ্বীপ জ্বালিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান অতিথি বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, বিশেষ অতিথি ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরন। আটজনের এই যক্ষগানের দলটি সোমবার যক্ষগান পরিবেশন করে চট্টগ্রামে। নৃত্যনাট্যটি খুলনা ও সাতক্ষীরায়ও অনুষ্ঠিত হবে।