যখন বিজয় এল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কীভাবে, কখন পেলেন বিজয়ের বার্তা? তাঁদের কেউ সরাসরি রণাঙ্গনে ছিলেন। কেউ ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। কেউ বা দেশে থেকেই গোপনে গোপনে তহবিল সংগ্রহ করে পাঠাতেন সীমান্তের ওপারে। কেউ পাকিস্তানিদের খবরাখবর পৌঁছে দিতেন মুক্তিযোদ্ধাদের কাছে। এমনি করে কোটি কোটি মুক্তিকামী মানুষের সঙ্গে সেদিন মুক্তিযুদ্ধে জড়িয়েছিলেন আমাদের সংস্কৃতি অঙ্গনের লোকজনও। তবে ষোলোই ডিসেম্বর বিজয়ের দিনটিতে তাঁরা কোথায় ছিলেন, কখনই বা শুনলেন বিজয়ের খবর, কী প্রতিক্রিয়া হয়েছিল তাঁদের, সেই কথাগুলোই আমরা জানতে চেয়েছি সংস্কৃতি অঙ্গনের কয়েকজন মানুষের কাছ থেকে।মাত্র কয়েক দিন আগেই, নভেম্বর মাসে ক্যান্টনমেন্ট থেকে ছাড়া পেয়েছেন রাজ্জাক। জীবনের মায়া ছেড়েই দিয়েছিলেন। বাড়ি থেকে যে পালিয়ে যাবেন, সে পথও নেই। কারণ, তাঁর বাড়ির সামনেই পাকিস্তানি বাহিনীর ক্যাম্প (এখন যেখানে ওয়ান্ডারল্যান্ড)। সারাক্ষণ সেনারা টহল দেয়। আশপাশের সব বাঙালি চলে গেছে অনেক আগেই। ১৬ ডিসেম্বর ভোরের দিকে গুলির শব্দ। ভয় হলো, এই বুঝি ঢাকায় যুদ্ধ শুরু হলো। তাহলে তো এই ভবনের নিচেই চাপা পড়ে মারা যাবেন। কোনো রকমে ছাদে উঠে দেখলেন, ক্যাম্পে পাকিস্তানি সেনারা সার বেঁধে দাঁড়িয়ে আছে। একটু পরই তারা কোথায় যেন চলে যেতে লাগল। উৎকণ্ঠার মধ্যেই সময়গুলো পার হচ্ছিল। ‘কী হচ্ছে, কিছুই জানি না। সকাল নয়টার দিকে হঠাৎ আমার বাড়ির দরজা কে যেন ধাক্কাচ্ছিল। আমি এগিয়ে গিয়ে শুনি বেবী ইসলামের গলা। তিনি “জয় বাংলা” বলে চিৎকার করছেন। আমি তো বেবী ভাইয়ের মুখ চেপে ধরেছি। করছেন কী! সবাই তো মারা পড়ব! বেবী ভাই বললেন, “আরে, জয় হয়ে গেছে। ওরা তো সারেন্ডার করছে।” কী যে আনন্দ! বাড়িতে দীর্ঘদিন বসে থাকতে থাকতে আমার গাড়িটা আর চালু করা যাচ্ছিল না। বেবী ভাই ধাক্কা দিলেন এবং গাড়ি চালু হলো। আমরা বেরিয়ে পড়লাম। একেকটি গাড়িতে মুক্তিযোদ্ধারা আসছেন আর শহর ভেঙে মানুষ নেমে আসছে। শেরাটনের সামনে যেতেই বিপদ। পাকিস্তানি একদল সেনা গুলি ছুড়তে লাগল। ভারতীয় সেনাবাহিনীও পৌঁছে গেছে। আমাদের গাড়ি ঘুরিয়ে দিয়ে বলল, “তাড়াতাড়ি হলি ফ্যামিলি হাসপাতালে গাড়ি নিয়ে ঢুকে পড়ো।” দেখলাম, মানুষের লাশ। হলি ফ্যামিলিতে গিয়ে দুপুর ১২টা পর্যন্ত বসে থাকলাম। বেলা একটার পর খবর এল, শহর এখন পুরোপুরি আমাদের দখলে। আমরা জয় বাংলা বলে শহরে বেরিয়ে পড়লাম।’ বলছিলেন রাজ্জাক।সুজেয় শ্যাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী। অনেক গানেরই সুর করেছেন সেখানে। ১৯৭১ সালের ষোলোই ডিসেম্বর সকাল থেকেই একটি গানের সুর করার চেষ্টা করছিলেন। হঠাৎ করে খবর এল, বিজয়ের গান করতে হবে। সুজেয় শ্যাম বললেন, ‘হঠাৎ বিজয়ের গান কেন?’ কারও কাছেই কোনো উত্তর পেলেন না। এ সময় বন্ধু শহিদুল ইসলামের দেখা পেয়ে বললেন, ‘বিজয়ের একটা গান লেখো।’ মাত্র ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই শহিদুল ইসলাম লিখলেন ‘বিজয়ের নিশান উড়ছে ঐ’ গানটি। ‘বসার কোনো জায়গা নেই। বাইরে যেন কী হচ্ছে। কেউই কিছু বলছে না। কিছুক্ষণ পরপর শোরগোল আবার থেমে যায়। গাড়ির গ্যারেজে গিয়ে হারমোনিয়াম নিয়ে গানটির সুর করে গেলাম অজিতদার কাছে। বললাম, দাদা, আপনি তো গণসংগীতের মাস্টার। আমার এই গানটি গেয়ে দেন। দাদা বললেন, “ঠিক আছে, আসো গাই।” এরপর দাদা গাইলেন, সঙ্গে থাকলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্য শিল্পীরা। সন্ধ্যার পর তাজউদ্দীন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম এলেন। নজরুল ইসলাম সাহেব প্রথমে বললেন, “আমরা স্বাধীন।” সে যে কী আনন্দ! গানটা বেজে উঠল। স্বাধীন বাংলাদেশকে নিয়ে প্রথম বিজয়ের গান ‘বিজয়ের নিশান উড়ছে ঐ’। বলছিলেন সুজেয় শ্যাম।জহির রায়হান সীমান্তের ওপারে গিয়ে খবর পাঠালেন সুচন্দার কাছে। সুচন্দা ছোট ছোট দুই শিশু সন্তানকে সঙ্গী করে জীবনের ঝুঁকি নিয়েই ওপার বাংলার রাস্তা ধরলেন। পথে কয়েকবার ধরা পড়তে পড়তে বেঁচে গেলেন। কলকাতায় গিয়ে দেখেন জহির নেই। হাসান ইমামের কাছে জানতে পারলেন, যুদ্ধক্ষেত্রে জহির ক্যামেরা নিয়ে ব্যস্ত। একসময় জহির এলেন, কিন্তু সেও ক্ষণিকের দেখা। এই আসে এই যায়। দেশের জন্য সুচন্দার মন ছটফট করে। ভাইবোন ও বাবা কেমন আছে, জানতে মন চায়। ‘কলকাতায় আমরা যেখানটায় ছিলাম, সেখানে ১৬ ডিসেম্বর সকাল বেলা থেকেই মানুষের মুখে মুখে শোনা যাচ্ছিল ঢাকায় কী যেন হচ্ছে। দুপুর বেলা জহির এসে বলল, “তোমরা থাকো। আমি ঢাকায় যাচ্ছি।” আমি তো থ, বলে কী? জহির বলল, “বিজয় হয়েছে আমাদের। একটি স্পেশাল বিমান যাবে বিকেলে ঢাকায়। আমি সেখানে একটি ক্যামেরা নিয়ে যাচ্ছি। আমাকে যেতে হবে। আমি যাচ্ছি।” জহির চলে গেল। কলকাতার রাস্তায় রাস্তায় মানুষের খণ্ড খণ্ড মিছিল। পাকিস্তানিরা আত্মসমর্পণ করছে। মনে মনে ভাবলাম, বিজয়ের সাক্ষী হলাম ঠিকই, কিন্তু ভিন দেশে বসে। চোখে পানি এল। কাঁদছি তো কাঁদছি। সেদিন আর রান্নাবান্নার কোনো আয়োজন করলাম না। ১৬ ডিসেম্বর চলে গেল। একদিন দুদিন করে ২০ দিন পার হয়ে গেলো। বাসায় কোন বাজার নেই, বাচ্চাদের দুধ নেই। আলমগীর কবীর ও তাঁর স্ত্রীকে গিয়ে বললাম, তাঁরা বাজারের ব্যবস্থা করে দিলো। এরপর একদিন জহির খবর পাঠিয়েছে, আমাকে বাচ্চাদের নিয়ে দেশে চলে যেতে বলেছে। আমার কাছে টাকা নেই। আলমগীর কবির বিমানের টিকিট কেটে দিলেন। আমি দেশে ফিরলাম ভয়ে ভয়ে বাড়ির খোঁজ নিলাম। সবই ঠিক আছে, নেই শুধু বড়দা—শহীদুল্লা কায়সার। একদিকে বিজয়ের আনন্দ, অন্যদিকে দাদাকে হারানোর বেদনা আমাকে পেয়ে বসল।’ বললেন সুচন্দা।মুক্তিযুদ্ধের শুরুর দিন থেকেই ১০ জনের একটি দল নিয়ে অপারেশনে ছিলেন রাইসুল ইসলাম আসাদ। ঢাকা এবং এর আশপাশেই ছিল তাঁর অবস্থান। ১৬ ডিসেম্বরও তিনি ঢাকায় ছিলেন। ‘আসলে ১৬ ডিসেম্বর সকাল ১০টার দিকেই আমরা জেনে গিয়েছিলাম, পাকিস্তানিরা আত্মসমর্পণ করবে। তবে ঠিক কখন বা কীভাবে, তখনো কিছু জানা যায়নি। ফলে ঢাকার আশপাশে থেকে মুক্তিযোদ্ধারা আসতে শুরু করলেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকার পরিস্থিতি যেন দ্রুত বদলাতে শুরু করল। সে এক অনন্য দৃশ্য। মুখে বলে বোঝানো কষ্টকর। একটি স্বাধীন দেশ পেলাম আমরা।’ বলছিলেন আসাদ।মুক্তিযুদ্ধ শুরুর পরই কবরী সীমান্তের ওপারে চলে যান। সেখানে গিয়ে মুক্তিযুদ্ধের জন্য জনমত গড়ে তুলতে থাকেন। কলকাতার আকাশবাণীতে কবরীর বয়ানে প্রচারিত হতো, বাংলাদেশের মানুষ কতটা কষ্টে আছে। এরপর কবরীকে জয় বাংলা ছবিতে নেওয়া হলো। ২০ হাজার রুপি দেওয়া হলো তাঁকে। তিনি সেখান থেকে ১০ হাজার রুপি মুক্তিযোদ্ধাদের জন্য দান করে বোম্বেতে গেলেন। ছবির শুটিংয়ের পাশাপাশি তিনি মহারাষ্ট্র, অন্ধ্র প্রদেশ, হায়দরাবাদে গেলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গড়ে তুলতে। বিভিন্ন স্থান থেকে রক্ত, জামাকাপড় সংগ্রহ করে পাঠাতেন কলকাতায়। এভাবেই বোম্বের বান্দ্রাতে ১৬ ডিসেম্বর সন্ধ্যায় বাসায় ফিরলেন কবরী। রাত নয়টার দিকে বিদেশি সাংবাদিকেরা কবরীর বাড়ি ঘিরে ধরলেন। কবরী ভয় পেয়ে গেলেন। পরে তাঁকে জানানো হলো, দেশ স্বাধীন। ‘আমি কান্না ধরে রাখতে পারিনি। বললাম, এখনি দেশে যেতে চাই। ওরা বলল, এখন যেতে পারব না। সারা রাত ঘুমাতে পারলাম না। পরদিন কলকাতায় এলাম। সেখান থেকে ঢাকায়। ইস্কাটনে বাসা ছিল। এসে দেখি, বাসায় একটি ছবি পর্যন্ত নেই আমার। তবু কষ্ট ছিল না। কারণ, তখন আমি একটি স্বাধীন দেশের নাগরিক।’ বললেন কবরী।তিমির নন্দী তখন কলকাতার বালিগঞ্জ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের স্টুডিওতে। সকাল থেকেই সুজেয় শ্যামের সঙ্গে একটি গান করছিলেন। হঠাৎ সুজেয় শ্যাম কোথায় যেন গেলেন। এসে বললেন, বিজয়ের গান করতে হবে। এ সময় শহিদুল ইসলাম এলেন। ‘তারপর সব যেন দ্রুত কীভাবে হয়ে গেল। আমরা সেখানে বসে কিছুই বুঝতে পারছিলাম না। “বিজয়ের নিশান উড়ছে ঐ” গানটি লেখা হলো। তাতে সুর দিলেন সুজেয় শ্যাম। এরপর অজিতদা গাইলেন। আমিসহ আরও অনেকেই সেই গানে অংশ নিলাম। গান হলো। আর সন্ধ্যার পরই জানলাম, দেশ স্বাধীন। গান শুরু হলো, বিজয়ের নিশান উড়ছে ঐ।’ ১৬ ডিসেম্বরের স্মৃতিচারণা এভাবেই করলেন তিমির নন্দী।সোহেল রানা মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নিয়েছিলেন। কেরানীগঞ্জে ছিল তাঁর অপারেশন। ১৫ ডিসেম্বর রাতের আকাশে আগুনের ফুলকি দেখেই সোহেল রানা ধরে নিলেন, ঢাকাকে বাঁচাতে পাকিস্তানিরা সর্বশক্তি নিয়োগ করবে। সারা রাত ঘুমাতে পারেননি। অপারেশনের সব প্রস্তুতি নেওয়ার পর সকালে আবার দেখলেন, যুদ্ধবিমানগুলো উড়ে যাচ্ছে মাথার ওপর দিয়ে, তবে কোনো বোমা ফেলছে না। ‘সকাল নয়টার দিকে লোকমুখে শোনা গেল, পাকিস্তানিরা আত্মসমর্পণ করবে। হঠাৎ করেই আমরা এমন সংবাদ শুনে “জয় বাংলা” বলে মিছিল শুরু করলাম। এরপর রেডিওতে খবর এল, বিকেলে আত্মসমর্পণ অনুষ্ঠান। পরদিন আমরা ঢাকায় প্রবেশ করলাম।’ বলছিলেন সোহেল রানা।স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অপর শিল্পী শাহীন সামাদ। তাঁর গান শুধু বেতারেই শুনেছেন মুক্তিযোদ্ধারা, তা নয়। তিনি মুক্তিযোদ্ধাদের উৎসাহিত করতে ছুটেছেন রণাঙ্গনেও। ‘যশোরে গেলাম আমরা কয়েকজন। সেখানে মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলে, তাঁদের সঙ্গে থেকে আবার ফিরে এলাম কলকাতার বালিগঞ্জে। ১৬ ডিসেম্বর দুপুরের পর রাস্তায় মানুষ নেমে এল। মিষ্টিমুখ করাচ্ছে। বাজি আর পটকা ফুটছে। কী হয়েছে, কী হয়েছে? শোনা গেল দেশ স্বাধীন হচ্ছে। উফ্, কী যে আনন্দ! এরপর সন্ধ্যায় আমরা গেলাম বাংলাদেশের দূতাবাসে। সেখানে আমাদের জাতীয় পতাকা তোলা হলো। তারপর তো বাঁধভাঙা আনন্দ সবার মধ্যে। শুধু টেনশনে ছিলাম, কখন দেশে ফিরব।’ বলছিলেন শাহীন সামাদ।২ নম্বর সেক্টরের অধীনে কুমিল্লায় যুদ্ধ করেছেন আল মনসুর। হোমনা অঞ্চলে পাকিস্তানিদের সঙ্গে লড়েছেন তিনি। এরপর ১৬ ডিসেম্বর খুব সকালে বাসাবোর নন্দীপাড়া গ্রামে প্রবেশ করলেন বিনা বাধায়। এরপর এগোতে এগোতে দেখলেন, কোথাও কোনো প্রতিরোধ করছে না কেউ। ‘রাজারবাগ পুলিশ লাইনে এসে আরও বিস্মিত হলাম। পাকিস্তানিরা সব দোতলায় নিরাপদ আশ্রয়ে বসে আছে। অনেকটা অসহায় তারা। মনে হলো দেশটা জয় করে ফেললাম। সেখানে তখন লাফালাফি শুরু করে দিলাম। এরপর খবর পেলাম, দুপুরের পরই পাকিস্তানিরা আত্মসমর্পণ করবে। আস্তে আস্তে এগোতে থাকলাম। তারপর তো ঐতিহাসিক রেসকোর্স ময়দানে পাকিস্তানিরা আত্মসমর্পণ করল। আমরা পেলাম নতুন একটি দেশ।’ বললেন আল মনসুর।