যজ্ঞ নিয়ে তিন নির্দেশক
গত ৫ মে থেকে শুরু হয়েছে থিয়েটার ওয়ালা নাট্যযজ্ঞ। এ নাট্যযজ্ঞের নামকরণ করা হয়েছে ‘ফয়েজ জহির-আজাদ আবুল কালাম-শুভাশিস সিনহা নাট্যযজ্ঞ’। ঢাকার মঞ্চে এটা ব্যতিক্রমী আয়োজন। তিনজন নির্দেশকের নামে নাম রেখে এই নাট্যযজ্ঞটি চলছে। এই তিনজন নির্দেশক তাঁদের কাজের স্বীকৃিতও কিছুটা খুঁজে পেয়েছেন এই আয়োজনের মধ্যে। এ বিষয়ে তিনজনের সঙ্গে কথা হয়। তাঁদের মুখেই শুনুন তাঁদের অনুভূতির কথাফয়েজ জহির‘থিয়েটারওয়ালার এটি একটা ব্যতিক্রমী আয়োজন। আমাদের নিয়ে এই আয়োজন সত্যিই একধরনের চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়েছে। এ কারণে সামনে আমাদের আরও ভালো প্রযোজনা মঞ্চে আনার দায়িত্ব যেন দেওয়া হলো। তবে এ বিষয়টি আমাদের অনুপ্রাণিত, উৎসাহিত দুটোই করেছে।এই আয়োজনের মধ্য দিয়ে আমাদের পরের প্রজন্মের নাট্যকর্মীদের উৎসাহিত করবে বলে আমার বিশ্বাস। এই আয়োজনে শুভাশিস সিনহাকে আনা হয়েছে। শুভাশিস সিনহা ঢাকার বাইরে বেশি কাজ করেন। ভালো কাজ করেন। তাঁকে আনার মধ্য দিয়ে ঢাকার বাইরের নাট্যকার-নির্দেশকেরাও উৎসাহিত হবেন। এ ধরনের উদ্যোগ থিয়েটারওয়ালার একটা বিশাল কাজ। এ ধরনের আয়োজন প্রতিবছর করতে পারলে খুবই ভালো হয়। তবে প্রতিবছর ভালো ভালো প্রযোজনা নামলে আয়োজন করা সহজ হবে। এ জন্য কাজ করতে হবে। থিয়েটারওয়ালা এর আগেই ভিন্ন ধরনের কাজ করেছে। আরও নাট্যদল বা নাট্যদলকেন্দ্রিক যেসব সংগঠন আছে, তারাও এগিয়ে আসতে পারে। তাহলে আমাদের নাট্যচর্চা আরও বেগবান হবে। আজাদ আবুল কালামএ ধরনের আয়োজনে আমাকে সম্পৃক্ত করার পর আমার কাছে বিষয়টি এক ধরনের অস্বস্তিকর মনে হয়েছে। থিয়েটারওয়ালার সম্পাদক হাসান শাহরিয়ার কেন আমাদের তিনজনকে নিয়ে এই আয়োজন করল—এই প্রশ্ন নিজের মধ্যে কাজ করেছে। কেননা আমাদের সমসাময়িক তো আরও নির্দেশক আছেন। এরপর এই নাট্যযজ্ঞ শুরু হলে এবং সেমিনারে নাট্যকর্মী-দর্শকের অংশগ্রহণ দেখে মনে হয়েছে, এ ধরনের আয়োজন তো হাতে নেওয়া যায়। তবে এখনো আমাদের নিয়ে থিয়েটারওয়ালার এই আয়োজনটির সঙ্গে আমি পুরোপুরি একমত না।দর্শকের অংশগ্রহণ দেখে নিজের মধ্যে উত্তেজনা কাজ করছে, অনুপ্রাণিতও হচ্ছি। কেননা হলভরা দর্শক থাকলে নাট্যকর্মীদের মনে আশার সঞ্চার হয়, অনুপ্রেরণা জোগায়। শুধু থিয়েটারওয়ালা না, অন্য নাট্যসংগঠনও থিয়েটারকে নিয়ে নানা পরিকল্পনা করতে পারে। এবার যেমন নাট্যনির্দেশকদের নিয়ে হচ্ছে, আগামী দিনে নাট্যকারদের নিয়েও এমন আয়োজন হতে পারে। তবে যেকোনো ব্যতিক্রম পরিকল্পনা কারও কারও কাছে অস্বস্তিকর হতেই পারে। শুভাশিস সিনহাআয়োজনটি খুবই ভালো হয়েছে। থিয়েটারের ক্ষেত্রে এ ধরনের আয়োজন আগে কখনোই দেখিনি। আর এই নাট্যযজ্ঞে তিনজনের একজন হিসেবে আমাকে রাখা হয়েছে—বিষয়টি আমার কাছে অভাবনীয়। কেননা, আমার বয়স কম, কাজের পরিধিও হয়তো আর দুজনের চেয়ে অনেক কম। আমাকে সম্পৃক্ত করার কারণে শুধু আমি নিজে না, আমার দল মণিপুরি থিয়েটার, আমার জাতিসত্তা—সবই অনেক সম্মানিত হয়েছে। ঢাকার মঞ্চে প্রথম এটা একটা ভিন্ন ধরনের আয়োজন। আয়োজনটি তারুণ্যে ভরপুর। নাট্যযজ্ঞের উদ্বোধন থেকে শুরু করে সব কাজই তরুণ নাট্যকর্মীদের দ্বারা পরিচালিত হচ্ছে। এই নাট্যযজ্ঞ নাটকপাড়ায় সাড়া ফেলে দিয়েছে। প্রতিদিনই দর্শকের অংশগ্রহণ বাড়ছে। আমার মনে হয়েছে, এই আয়োজনের মধ্য দিয়ে থিয়েটারের প্রতি তরুণদের কাজের আগ্রহ বাড়বে। এই আয়োজন শেষ হওয়ার পর অনেক তরুণই উদ্বুদ্ধ হয়ে থিয়েটারের কাজে এগিয়ে আসবেন। এ ধরনের আয়োজন নিয়মিত হলে খুবই ভালো হয়। এতে করে নাট্যচর্চার নতুন দিক প্রসারিত হবে। থিয়েটারের কার্যক্রমের মধ্যে নানা বৈচিত্র্য নিয়ে আমাদের থিয়েটার বিশ্বের দরবারে জায়গা করে নেবে।’ তিন নির্দেশকের সঙ্গে কথা বলেছেন শফিক আল মামুন