যতীনের মাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন ধরে রোগে ভুগছে যতীন। ঘরে আছে তার স্ত্রী আর মায়ের মতো এক মাসি। সংসারী হয়েও সংসার করতে পারেনি যতীন। কিশোরী স্ত্রী মণিকে সে ভালোবাসে। কিন্তু মণি তার কাছে আসে না। কঠিন অসুখে মাসিই তার একমাত্র ভরসা। এই মাসির চরিত্রে অভিনয় করছেন সংগীতশিল্পী ফাতেমা-তুজ-জোহরা। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের রাত্রি’ গল্প অবলম্বনে তৈরি হচ্ছে নাটকটি। নাম শেষের রাত্রি। এর চিত্রনাট্য ও পরিচালনা করছেন কাওনাইন সৌরভ।গতকাল মঙ্গলবার রাজেন্দ্রপুরে নক্ষত্রবাড়িতে নাটকটির শুটিং শুরু হয়েছে। এর আগে ১০টি নাটকে অভিনয় করেছেন ফাতেমা-তুজ-জোহরা। জানালেন, তাঁর সর্বশেষ নাটকটি ছিল ওয়েটিং ফর বেবি। বছর দুয়েক আগে তিনি এই নাটকে অভিনয় করেছিলেন। বললেন, ‘সংগীতশিল্পী হিসেবে নয়, আমি একজন অভিনয়শিল্পী হিসেবেই কাজটা করছি। ছোটবেলায় স্কুলে পড়ার সময় অনেক অভিনয় করেছি। গান শুরু করার পর আর সেভাবে অভিনয় করিনি। কারণ, অনেকটা সময় গান থেকে দূরে থাকতে হয়। এটা আমার জন্য খুবই কঠিন ব্যাপার।’যতীনের মাসির চরিত্রে অভিনয় প্রসঙ্গে বললেন, ‘আগে যেসব নাটকে অভিনয় করেছি, সেখানে খুব বেশি সংলাপ বলার ঝামেলা ছিল না। কিন্তু শেষের রাত্রিতে আমার চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ। তাই সংলাপও অনেক বেশি। চেষ্টা করছি।’জানা গেছে, বাইশে শ্রাবণ উপলক্ষে নাটকটি বাংলাভিশনে দেখানো হবে। নাটকের অন্য অভিনয়শিল্পীরা হলেন ইন্তেখাব দিনার ও তানজিকা।