
ইশ্! সকালে ঘুম থেকে উঠে যদি দেখতাম, আমি হয়ে গেছি হলিউডের তারকা!
আমার সামনে বড় একটি ক্লোজেট। দুজন সহকারী দাঁড়িয়ে আছেন আমার পোশাক নিয়ে। তাঁদের একজন আমাকে বলছেন, ‘ম্যাম, আজ আপনি কোন পোশাকটা পরবেন?’
আমি কিছুক্ষণ তাকিয়ে পোশাকগুলো দেখব। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে একবার নিজেকে দেখে নেব। তারপর বলব, ‘আজ এটা নয়, ওটা পরব!’
আমার পছন্দের পোশাকটি রেখে দেওয়ার পর আসবেন হেয়ার ড্রেসার। তিনি কাজ শেষ করার আগেই চলে আসবেন মেকআপ আর্টিস্ট। আমার ম্যানেজার ব্যস্তসমস্ত হয়ে বলবেন, ‘ম্যাম, আপনার চার্টার্ড প্লেন ইজ রেডি।’
আমি বাইরে গিয়ে দাঁড়াব। একটা লিমুজিন অপেক্ষা করছে বাড়ির সামনে। সেটা আমাকে পৌঁছে দেবে এয়ারপোর্টে।
সেই প্লেনে করে আমি পৌঁছে যাব গন্তব্যে। আবার একটি লিমুজিন এসে আমাকে উিঠয়ে নেবে। আমি হাজির হব কোনো এক চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে। পেছন থেকে দুজন সুন্দর করে আমার পোশাক ধরে হাঁটবেন। আমি হাঁটছি...ফটোসাংবাদিকদের ক্যামেরা তখন আমার দিকে তাক করা। মুহুর্মুহু জ্বলে উঠবে তাঁদের ফ্ল্যাশ। আমি হেসে হেসে নানা ঢঙে ক্যামেরায় পোজ দেব। হঠাৎ দেখব পাশেই টম ক্রুজ! ও মাই গড!
তারপর আমার স্বপ্ন তার গল্প পাল্টে ফেলবে। দেখব ভাঙচুর-তছনছ করা একটি জায়গায় টম ক্রুজ আমাকে বাঁচাতে লড়াই করছে। প্রায় পাঁচ মিনিট ধরে লড়াই চালিয়ে শত্রুকে ঘায়েল করে, বীরের বেশে আমার কাছে এসে সে বলল, ‘চলো, এখন তুমি নিরাপদ।’
এরপর টম ক্রুজ আমার হাত ধরল। আমাদের চোখাচোখি হলো!
এর পরের কথা আর বলব না। আমার বুনো স্বপ্নটা বুনতে দিন।