যন্ত্রসংগীতে শুরু হবে বর্ষবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজস্ব প্রতিবেদককালের যাত্রা নিরন্তর। চৈত্র বিদায় নিচ্ছে। বাঙালির নিজস্ব বর্ষপঞ্জিতে বিদায় নিচ্ছে ১৪১৯। দরজায় কড়া নাড়ছে ১৪২০ বঙ্গাব্দের প্রথম দিন—পয়লা বৈশাখ। নববর্ষকে বরণ করে নিতে রাজধানীসহ দেশজুড়ে চলছে বিপুল প্রস্তুতি। বর্ষবরণে রাজধানী ঢাকার অন্যতম অনুষঙ্গ রমনা বটমূলে ছায়ানটের প্রভাতি আয়োজন। প্রতিষ্ঠানটি গতকাল রোববার তাদের বর্ষবরণের প্রস্তুতি এবং পরিকল্পনা জানিয়েছে গণমাধ্যমের কাছে।বরাবরের মতো এবারও নববর্ষের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানানো হবে। গান-কবিতা-যন্ত্রসংগীত ও পাঠের মাধ্যমে সাজানো হয়েছে এবারের বর্ষবরণের আয়োজন। ভোর সোয়া ছয়টায় ভোরের সুরে এসরাজ-বাঁশি-বেহালার আলাপ দিয়ে শুরু হবে অনুষ্ঠান। পরে থাকবে গান আর কথায় বাংলা আর বাঙালির অন্তরের কথা ফুটিয়ে তোলার প্রয়াস। গাইবেন ছায়ানটের শিল্পী ও সংগীত বিদ্যায়তনের শিক্ষার্থীরা।গতকাল ছায়ানট সংস্কৃতি ভবনের রমেশচন্দ্র দত্ত মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। আয়োজনের বিস্তারিত উপস্থাপন করে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিল। এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি সারওয়ার আলী, কোষাধ্যক্ষ প্রদীপ নাগ এবং আয়োজনের সহযোগী প্রতিষ্ঠান গ্রামীণফোনের হেড অব করপোরেট রেসপনসিবিলিটি দেবাশীষ রায়।সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্মেলক গানের দলে সব মিলিয়ে অংশ নেবেন ১১০ জন শিল্পী। এর মধ্যে ছোটদের দলে গাইবে ৪২ শিশুশিল্পী। বড়দের দলে গানের পরিবেশনায় অংশ নেবেন ৬৮ জন কণ্ঠশিল্পী। একক কণ্ঠে গান শোনাবেন ১৪ জন। কবিতা আবৃত্তি ও পাঠে অংশ নেবেন তিনজন। তাঁদের সঙ্গে থাকবেন ১০ জনের যন্ত্রাণুষঙ্গী। বরাবরের মতো বর্ষবরণের প্রভাতি এ আয়োজনের শেষ হবে ছায়ানটের সভাপতি ও রবীন্দ্র গবেষক সন্জীদা খাতুনের বৈশাখী কথনের মধ্য দিয়ে।শিল্পকলায় ‘কোর্ট মার্শাল’ ও ‘পঞ্চনারী আখ্যান’‘রাত পোহালে পাখি বলে দে রে খাই, দে রে খাই/ আমি গুরু কার্য মাথায় রেখে/ কি করি আর কোথায় যাই...’ জাতীয় নাট্যশালার সিঁড়ি বেয়ে উঠতেই গানটি কানে ভেসে এল। বাউল গানের আসর চলছে করিডরে। দর্শক উপস্থিতিও যথেষ্ট। সাজসজ্জায় পুরোপুরি উৎসব আমেজ। এখানে চলছে সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব। ‘আলো থেকে আলো ছড়িয়ে যাক সবার প্রাণে’ স্লোগান নিয়ে আয়োজিত এ উৎসবের গতকাল ছিল তৃতীয় দিন। এদিন দুটি নাটক মঞ্চস্থ হয়। এর একটি পরীক্ষণ থিয়েটারে থিয়েটার আর্ট ইউনিটের কোর্ট মার্শাল। জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে ঢাকা থিয়েটার মঞ্চস্থ করে নাটক পঞ্চনারী আখ্যান। নাটকটি রচনা করেছেন হারুনুর রশীদ ও নির্দেশনা দিয়েছেন শহীদুজ্জামান সেলিম। এতে একক অভিনয় করেছেন রোজী সিদ্দিকী। স্বদেশ দীপকের লেখা ও সলিল সরকারের অনুবাদে কোর্ট মার্শাল নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন এস এম সোলায়মান। নতুন করে নির্দেশনা সমন্বয়কের ভূমিকা পালন করেছেন মোহাম্মদ বারী। সেনাবাহিনীতে একটি হত্যাকাণ্ডের তথ্য উদ্ধারকে কেন্দ্র করে এক সেনাসদস্যের কোর্ট মার্শালের বিষয় উপজীব্য করে গড়ে ওঠে নাটকটির কাহিনি। প্রতীকী এ নাটকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস উঠে এসেছে অত্যন্ত জোরালোভাবে। মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধবিরোধীদের যে দ্বন্দ্ব তৈরি হয়েছে, সেই আলোকেই কোর্ট মার্শাল। ‘বীরাঙ্গনা’ প্রসঙ্গটিও উঠে এসেছে স্পর্শকাতরভাবে। পঞ্চনারী আখ্যান ঢাকা থিয়েটারের সাম্প্রতিক প্রযোজনা। এ নাটকে পাঁচটি নারী চরিত্র। সব কটি চরিত্রে একক অভিনয় করেছেন রোজী সিদ্দিকী। পঞ্চনারী আখ্যান-এর নারীরা হলেন জোলেখা, অন্তরা, মনোরমা, মরিয়ম ও মমতাজমহল। একমাত্র মমতাজমহল ছাড়া বাকি চার নারী বর্তমান সময়ের কিংবা নিকট-অতীতের। সমাজের নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের প্রতারিত, প্রবঞ্চিত ও অবহেলিত এসব নারীর নানা কাহিনি সংবাদপত্রের পাতায় হরহামেশা ছাপা হয়। পঞ্চনারী আখ্যান খুব স্বল্প পরিসরে উপস্থাপিত হয়েছে, অনেকটা অনুসন্ধানী প্রতিবেদন কিংবা জীবন্তিকার গড়নে।