যন্ত্রালাপে যুগলবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছায়ানটের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনায়তনে সেতার ও তবলায় এবাদুল হক ও মনির হোসেন l ছবি: প্রথম আলো
ছায়ানটের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনায়তনে সেতার ও তবলায় এবাদুল হক ও মনির হোসেন l ছবি: প্রথম আলো

কথা ছিল আলাপ হবে তবলায়-সেতারে। গতকাল হুট করেই সেই সুযোগ মিলল দুই শিল্পীর। এঁদের একজন যুক্তরাষ্ট্রপ্রবাসী বৈমানিক ও প্রকৌশলী মনির হোসেন তবলার শিল্পী। কদিনের জন্য দেশে এসেছিলেন। ধ্রুপদি সংগীতশিল্পী ওস্তাদ হাফিজ হোসেনের পুত্র তিনি। তাঁর বাজানোর ভীষণ প্রশংসা করলেন ছায়ানটের সেতার শিক্ষক এবাদুল হক। বললেন, ‘কোনো পরিকল্পনা ছিল না, দুজনে বসাও হয়নি আগে। সরাসরি মঞ্চেই দেখা হলো। এর আগে দু-একবার কথা হয়েছে। যন্ত্রে যন্ত্রে দুজনের একটু আলাপের শখ ছিল। আজ হঠাৎ পাওয়া সেই সুযোগটা ছাড়া গেল না।’
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ছায়ানট সংস্কৃতি-ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনায়তনে তাঁদের এই সুযোগ করে দিয়েছিল সাংস্কৃতিক সংগঠন ‘অরুণরঞ্জনী’। যন্ত্রসংগীতের এই আলাপের নাম তাঁরা দিয়েছেন ‘মেলোডিক কনভারসেশন’। অর্থাৎ সেতারে আর তবলায় তাঁদের আলাপ হবে—দর্শকেরা উপভোগ করবেন তার শোভা। আলাপ শেষে মঞ্চ ছেড়ে মনির হোসেনকে রাতেই উঠতে হবে যুক্তরাষ্ট্রে ফেরার বিমানে। তাই খানিকটা তাড়াও ছিল তাঁর।
আলাপ শুরুর আগে রূপক তালে সেতারে রাগ জয়জয়ন্তী বাজিয়ে অনুষ্ঠান শুরু করলেন এবাদুল হক। বর্ষার এই রাগে মিলেমিশে ছিল যেন বৃষ্টির মমতা। তাঁর পাশে একটু ছোট একটি সেতারে সংগত করছিলেন তাঁরই এক ছাত্র। আধো অন্ধকার মিলনায়তনের মেঝে কিছু সময়ের মধ্যেই ভরে গিয়েছিল সমঝদার শ্রোতায়, সুরেরই অনির্বচনীয় টানে।
পরিবারের কাছ থেকেই সংগীতের প্রাথমিক শিক্ষা নিয়েছিলেন শিল্পী মনির হোসেন। পরে কলকাতার পণ্ডিত সমর   সাহার কাছে তবলার তালিম নেন তিনি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন ধ্রুপদি সংগীতের অনুষ্ঠানে বাজানো ছাড়াও সংগীত বিষয়ে লেকচার দিয়ে থাকেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। ওস্তাদ শাহিদ পারভেজের সেতারের সঙ্গে এবং বুদ্ধদেব দাশগুপ্তের সরোদের সঙ্গে তবলা বাজিয়েছেন তিনি। সেগুলো অ্যালবাম     আকারে পাওয়াও যায় বাজারে। গুণী এই শিল্পী ‘সাথ সংগীত’ নামে তবলার একটি সফটওয়্যারও তৈরি করেছেন।