যমজ সন্তানের বাবা
বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত আবার বাবা হয়েছেন। আর তাও আবার জোড়া সন্তানের! গতকাল বৃহস্পতিবার দক্ষিণ মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে এক সঙ্গে একটি পুত্রসন্তান ও একটি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী মান্যতা। তবে ওই সময় দুবাইয়ে থাকায় হাসপাতালে স্ত্রীর পাশে থাকতে পারেননি সঞ্জয়। জানা গেছে, দুটি সন্তানই বেশ সুস্থ রয়েছে। খবর শুনেই দুবাই থেকেই সঞ্জয় জানিয়েছেন যে তিনি দ্বিতীয় ও তৃতীয়বারের মতো বাবা হয়েছেন। এক জোড়া সন্তান হওয়ার খবর পাওয়ার পরই সঞ্জয় দুবাইয়ের কাজ অসমাপ্ত রেখে আজই মুম্বাই ফিরে আসছেন। সঞ্জয়ের প্রথম সন্তান ২৩ বছরের ত্রিশলা এখন থাকেন আমেরিকার নিউইয়র্ক শহরে। গত শনিবার সঞ্জয় ও মান্যতা দুজনেই তাঁদের বান্দ্রার পালি হিলের বাড়িতে সুস্থ সন্তান কামনা করে নবরাত্রির পূজা করেন। জানা গেছে, আজই সঞ্জয় মুম্বাই ফিরে দুই নবজাতককে বাড়ি নিয়ে যাওয়ার ব্যাপারে চিকিৎসকদের কাছ থেকে পরামর্শ নেবেন।