যশ চোপড়ার প্রয়াণে শোকাচ্ছন্ন বলিউড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের প্রখ্যাত চলচ্চিত্রপরিচালক যশ চোপড়ার মৃত্যুতে শোকে বিহ্বল তাঁর অগণিত ভক্ত, বন্ধু ও সহকর্মী। ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় শরীরের একাধিক অঙ্গ অকেজো হয়ে পড়লে ২১ অক্টোবর রোববার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গুণী এ নির্মাতা। পরদিন সোমবার বিকেলে মুম্বাইয়ের চন্দনওয়াড়িতে যশ চোপড়ার শেষকৃত্য সম্পন্ন হয়। বর্ষীয়ান এই নির্মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দিলীপ কুমার, অমিতাভ বচ্চন থেকে শুরু করে অক্ষয় কুমার, মাধুরী দীক্ষিত, প্রীতি জিনতার মতো তারকারা। আর শোক প্রকাশের মাধ্যম হিসেবে তাঁরা বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগের খুদে ব্লগসাইট টুইটার। যশ চোপড়ার মৃত্যুতে শোক প্রকাশ করে বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার লিখেছেন, ‘যশ চোপড়ার মৃত্যুকে কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমার কাছে সে ছিল বন্ধুর চেয়েও বড়। তাঁকে নিজের ভাই বলেই মনে করতাম। যশের মৃত্যুসংবাদের প্রচণ্ড আঘাতে আমার অনুভূতিগুলো যেন ভোঁতা হয়ে গেছে। দুঃখ প্রকাশের কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না।’ এক খবরে এমনটিই জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ। অমিতাভ বচ্চন লিখেছেন, ‘যশ চোপড়া আর আমাদের মধ্যে নেই। আমরা তাঁকে চিরতরে হারিয়ে ফেলেছি।’ টুইটারের পাশাপাশি অমিতাভ তাঁর ব্লগে লিখেছেন, ‘যশ চোপড়া চলে গেলেও তিনি যুগ যুগ ধরে বেঁচে থাকবেন তাঁর সৃষ্টির মধ্য দিয়ে। তাঁর সৃষ্টিশীলতা, আবেগ, মানবতা ও কাব্যিক চলচ্চিত্র কখনোই ভোলার নয়। যশজি, অগণিত মানুষের প্রতি আপনার অবদান অমর হয়ে থাকবে।’ একসময়ের পর্দা কাঁপানো বলিউডি অভিনেত্রী মাধুরী দীক্ষিত তাঁর টুইটার-বার্তায় লিখেছেন, ‘যশ চোপড়ার মৃত্যুসংবাদ শুনলাম। অনেক কষ্ট হচ্ছে। হিন্দি চলচ্চিত্রের ভূমিতে তিনি ছিলেন বটবৃক্ষ। আমরা কখনোই তাঁকে ভুলতে পারব না। তাঁর পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করছি।’বলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবী লিখেছেন, ‘যশ চোপড়ার অনাকাঙ্ক্ষিত মৃত্যুর খবর পেয়ে যারপরনাই দুঃখিত আমি। তিনি বেঁচে থাকতে যতবার আমাদের সাক্ষাত্ হয়েছে, ততবারই স্নেহের উষ্ণতা ছড়িয়েছেন। আমি সারা জীবন তাঁর শূন্যতা অনুভব করব।’ এ প্রজন্মের বলিউডি অভিনেত্রী লারা দত্ত লিখেছেন, ‘যশরাজ ফিল্মসের ছবি দেখেই প্রথম হিন্দি চলচ্চিত্র সম্পর্কে ধারণা পেয়েছিলাম। সেই যশ চোপড়া আর আমাদের মধ্যে নেই। আপনার শূন্যতা কোনোভাবেই পূরণ হওয়ার নয়, যশজি।’অক্ষয় কুমার লিখেছেন, ‘যশ চোপড়ার মৃত্যুর খবর বিশ্বাস করতে পারছি না। এই প্রচণ্ড আঘাতে বোধহীন হয়ে পড়েছি। যে মানুষটি তাঁর চলচ্চিত্রের মাধ্যমে ভালোবাসাকে অমর করেছেন, তিনিই কিনা আর ভালোবাসার উত্তাপ ছড়াতে পারবেন না! ঈশ্বর তাঁর বিদেহী আত্মার মঙ্গল করুন।’ শিল্পা শেঠি লিখেছেন, ‘যশ চোপড়ার দুঃখজনক মৃত্যুর খবরটি শুনলাম। হূদয়স্পর্শী ভালোবাসার সব চলচ্চিত্র উপহার দিয়ে সবার কাছে রীতিমতো ভালোবাসার প্রতীক হয়ে উঠেছিলেন যশ চোপড়া। প্রিয় মানুষটির শূন্যতা সব সময় অনুভব করব আমরা।’প্রীতি জিনতা লিখেছেন, ‘অনেক অনেক দুঃখিত। যশজি, আমরা সবাই আপনার অভাব অনুভব করব। ঈশ্বর আপনার আত্মাকে শান্তি দিন।’ নির্মাতা মাধুর ভান্ডারকার লিখেছেন, ‘হিন্দি চলচ্চিত্রের একজন কিংবদন্তিকে হারালাম আমরা। যশজি, আপনার অনুপস্থিতিতে চলচ্চিত্রে ভালোবাসার কাব্য চিরকালই অসম্পূর্ণ রয়ে যাবে। আপনার প্রয়াণে অনেক বেশি দুঃখ হচ্ছে আমার।’গত ১০ অক্টোবর অমিতাভ বচ্চনের ৭০তম জন্মদিন উদযাপন অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন যশ চোপড়া। পরদিন সকালে শারীরিকভাবে অসুস্থ বোধ করেন তিনি। শুরুতে বাড়িতেই তাঁকে চিকিত্সা দেওয়া হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে ১৩ অক্টোবর মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। প্রয়োজনীয় স্বাস্থ্যপরীক্ষার পর তাঁর ডেঙ্গুজ্বর ধরা পড়ে। সেখানে ২১ অক্টোবর সন্ধ্যায় মারা যান যশ চোপড়া।